HS Exam 2026: উচ্চমাধ্যমিকের আবহে গ্রামে সিনেমা দেখিয়ে বিতর্কে বিধায়ক, ‘মাইক নয়, বক্স বেজেছে’, বলছেন অনুগামীরা
TMC MLA: যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। শব্দবিধি ভঙ্গের অভিযোগ মানতে নারাজ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম। তাঁর অদ্ভুত যুক্তি, “ওখানে মাইক বাজানো হয়নি, বক্স বাজিয়ে অনুষ্ঠান করা হয়েছে। তাও খুব হালকা শব্দে।”

পূর্ব বর্ধমান: নিয়ম থোড়াই কেয়ার। প্রশাসনের বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে জড়ালেন খোদ বিধায়ক। শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কাশিয়ারা গ্রামে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে সিনেমা দেখানো তো হলই, সঙ্গে সরকারি প্রকল্পের প্রচার চালানোর অভিযোগ। আর অভিযোগের তীর বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিকের বিরুদ্ধে। তা নিয়েই জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। যদিও বিধায়কের দাবি করেছেন, সেরকম জোরালো শব্দ নাকি ছিলই না।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় কাশিয়ারা গ্রামে ‘লক্ষ্মী এল ঘরে’ সিনেমাটি দেখানো হয়। সেখানেই ছিলেন বিধায়ক। এরপরই গ্রামবাসীর সামনে তুলে ধরা হয় উন্নয়নের পাঁচালি। অভিযোগ, পরীক্ষার মরশুম হওয়া সত্ত্বেও ফাঁকা জায়গায় সাউন্ড বক্স বাজিয়ে এই অনুষ্ঠান চলে। শুধু তাই নয়, বিধায়কের অনুগামীরা সেই অনুষ্ঠানের দৃশ্য মোবাইল বন্দি করে সোশ্যাল মিডিয়ায় লাইভও করেন, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। একজন জনপ্রতিনিধি হয়েও বিধায়ক কীভাবে পরীক্ষার সময় এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সুযোগ পেয়েই শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে সভা করছেন খোদ বিধায়ক। আবার গ্রামের মহিলাদের বসিয়ে সিনেমা দেখানো হচ্ছে। এটাই সম্ভবত তৃণমূল কংগ্রেসের প্রকৃত উন্নয়ন।”
যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। শব্দবিধি ভঙ্গের অভিযোগ মানতে নারাজ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম। তাঁর অদ্ভুত যুক্তি, “ওখানে মাইক বাজানো হয়নি, বক্স বাজিয়ে অনুষ্ঠান করা হয়েছে। তাও খুব হালকা শব্দে। এটা শব্দবিধির আওতায় পড়ে না।”
