BJP in Nandigram: ‘তৃণমূল করলে পঞ্চায়েত থেকে কোনও সার্টিফিকেট মিলবে না’, বিজেপি নেতার ফতোয়ায় জোর শোরগোল নন্দীগ্রামে

BJP: চুপ করে বসে নেই তৃণমূল কংগ্রেসও। গুঞ্জন নাগরিক মহলেও। অনেকেই বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পঞ্চায়েতের মতো প্রতিষ্ঠান থেকে নাগরিক পরিষেবা পাওয়ার সকলের অধিকার রয়েছে। বিজেপি নেতার এই ফতোয়া তাকেই সরাসরি চ্যালেঞ্জ করেছে বলে মনে করা হচ্ছে।

BJP in Nandigram: ‘তৃণমূল করলে পঞ্চায়েত থেকে কোনও সার্টিফিকেট মিলবে না’, বিজেপি নেতার ফতোয়ায় জোর শোরগোল নন্দীগ্রামে
তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 22, 2026 | 11:29 AM

নন্দীগ্রাম: ভোটের হাওয়া ক্রমেই গরম হচ্ছে নন্দীগ্রামে। এবারও লড়াইয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে ঠিক ভোটের মুখে শিবির বদলে ফেলেছেন নন্দীগ্রামে এক সময়ের পদ্ম শিবিরের অন্যতম ভোট কুশলী পবিত্র কর। তিন এবার তৃণমূলের টিকিটে লড়ছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এরইমধ্যে এক বিজেপি নেতার মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক। ভোটের মুখে এবার সরকারি পরিষেবা বন্ধ করে দেওয়ার প্রকাশ্য হুমকির অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা তথা জেলা পরিষদ সদস্য অরূপ জানার বিরুদ্ধে। তা নিয়েই সরগরম জেলার রাজনৈতিক মহল।  

নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া অঞ্চলে একটি জনসভা ছিল। সেখানেই কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস করলে পঞ্চায়েত থেকে কোনও সরকারি শংসাপত্র বা সার্টিফিকেট মিলবে না। তাঁর দাবি, বিরুলিয়া অঞ্চল এখন সম্পূর্ণ তাঁদের পকেটে, তাই বিরোধী শিবিরের কাউকে রেয়াত করা হবে না। দলের দাপট দেখিয়ে তিনি সাফ জানিয়ে দেন, অঞ্চলে বিরোধীদের হিসাব তাঁরা বুঝে নেবেন। তাঁর এই সব মন্তব্যেই জোরদার চলছে শাসক-বিরোধী তরজা। 

চুপ করে বসে নেই তৃণমূল কংগ্রেসও। গুঞ্জন নাগরিক মহলেও। অনেকেই বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পঞ্চায়েতের মতো প্রতিষ্ঠান থেকে নাগরিক পরিষেবা পাওয়ার সকলের অধিকার রয়েছে। বিজেপি নেতার এই ফতোয়া তাকেই সরাসরি চ্যালেঞ্জ করেছে বলে মনে করা হচ্ছে। ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ বিজেপি নেতার এই ফতোয়াকে ‘সংবিধান বিরোধী’ বলে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলছেন, বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। প্রতিদিন কর্মীরা তাদের দল ছাড়ছে দেখেই তাঁরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাঁর সাফ কথা, ভোট বাক্সে সাধারণ মানুষ এদের উপযুক্ত জবাব দেবে। নির্বাচনে ‘হেরো সার্টিফিকেট’ ধরিয়ে বিদায় করবে। বিজেপি নেতার এই হুমকির জবাব দিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কড়া নাড়তে চলেছে তৃণমূল কংগ্রেস।

Follow Us