Nandigram: নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, শুরু রাজনৈতিক চাপানউতোর
Nandigram TMC Worker Death: বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতো কাজে বেরিয়েছিলেন ফড়িং। কিন্তু সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে অদূরে তাঁকে প্রায় সংজ্ঞহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর শরীরে একাধিক ক্ষত ছিল বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পূর্ব মেদিনীপুর: তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাপানউতোর নন্দীগ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শক্তিপদ দাস (৬৫) ওরফে ফড়িং। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা নন্দীগ্রামের ভেকুটিয়ায়। জানা যাচ্ছে, তিনি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের শ্রীপুর গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী। পরিবারের দাবি, বিষ খেয়েছেন ফড়িং। যদিও তৃণমূলের দাবি, খুন করা হয়েছে ফড়িংকে। এই নিয়ে সভামঞ্চ থেকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ খুলেছেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকেই সংজ্ঞহীন অবস্থায় উদ্ধার হন ফড়িং। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ফড়িংয়ের স্ত্রী বলেন, “আমাদের রাতে অশান্তি হয়েছিল। সকালে আমাকে ঘর থেকে বেরিয়ে যেত বলে। আমি অন্য ঘরে ছিলাম, ও অন্য ঘরে। আমার কাছে ঘরের চাবি নিয়ে ঘরে ঢুকল। তারপর ঘরে ঢুকে খেয়ে নিয়েছে।”
পরিবারে অশান্তি হয়েছিল বলে জানাচ্ছেন ছেলেও। তিনি বলেন, “ঝগড়া করে বাবা আমার ঘরে চাবি লাগিয়ে দিয়েছিল। আমি হাতুড়ি দিয়ে তালা ভাঙার চেষ্টা করছিলাম। তা নিয়ে একটু অশান্তি। বাবা হঠ্ করে ঘরে ঢুকে গেল। কী মনে হল, আমি দরজা ভেঙে ঘুরে দেখি বিষ খেয়ে নিয়েছে।”
এলাকায় ফড়িং সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। ভোটের মধ্যে তাঁর দেহ উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এই ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলছে মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, “নন্দীগ্রামে আমাদের কর্মী খুন হয়ে গেল। বিজেপি গণ্ডগোল চাইছেন। ওরাই খুন করেছে।”
যদিও বিজেপির নন্দীগ্রাম মন্ডল ১ সভাপতি ধনঞ্জয় ঘোড়া বলেন, “এটা পুরোই পারিবারিক অশান্তি। বিষ খেয়েছিলেন। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নোংরা রাজনীতি করছে। “
