BJP Panchayat: উড়ল গেরুয়া আবির, হল বিজয় মিছিল- আবারও জোড়া পঞ্চায়েত দখল বিজেপির
BJP Panchayat Takeover in West Bengal: সোমবার দুটি পঞ্চায়েতেই নতুন বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। ১৯টি আসন বিশিষ্ট বাসুদেববেড়িয়া পঞ্চায়েতের ১৫টি আসন তৃণমূলের দখলে থাকলেও পালাবদলের পর প্রধান ও উপপ্রধান পদত্যাগ করেন। নতুন গঠিত বোর্ডে প্রধান হয়েছেন সারদা বর্মন এবং উপপ্রধান পশুপতি দলাই।

পূর্ব মেদিনীপুর: রাজ্যে পালাবদলের জেরে জেলাজুড়ে বিজেপি-র পঞ্চায়েত দখলের হাওয়া অব্যাহত। ভগবানপুর-২ ব্লকের বাসুদেববেড়িয়া ও রাধাপুর—এই দুটি গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণ তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি। কাকতালীয়ভাবে, দুটি পঞ্চায়েতই পড়ে ভগবানপুরের বিধায়ক তথা রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকের বিধানসভা এলাকায়।
সোমবার দুটি পঞ্চায়েতেই নতুন বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। ১৯টি আসন বিশিষ্ট বাসুদেববেড়িয়া পঞ্চায়েতের ১৫টি আসন তৃণমূলের দখলে থাকলেও পালাবদলের পর প্রধান ও উপপ্রধান পদত্যাগ করেন। নতুন গঠিত বোর্ডে প্রধান হয়েছেন সারদা বর্মন এবং উপপ্রধান পশুপতি দলাই। বিজেপি-র চারজন সদস্য ছাড়াও তৃণমূলের একাধিক সদস্য উপস্থিত থেকে তাঁদের সমর্থন জানান।
অন্যদিকে, ১৬টি আসনের রাধাপুর পঞ্চায়েতেও একইভাবে পূর্বতন প্রধান ও উপপ্রধান পদত্যাগ করায় বিজেপি বোর্ড গঠন করে। এখানে প্রধান হিসেবে বুদ্ধদেব প্রধান এবং উপপ্রধান হিসেবে অরুণা মান্না নির্বাচিত হন। ১১টি আসনে তৃণমূল জয়ী হলেও বিজেপি-র ৫ জন সদস্য ও কয়েকজন ঘরত্যাগী তৃণমূল সদস্যের সমর্থনে বিজেপি বোর্ড দখল করতে সক্ষম হয়।
বোর্ড গঠনকে কেন্দ্র করে দুই পঞ্চায়েত এলাকাতেই উল্লাস। একে অপরকে আবির মাখানো থেকে শুরু করে বিজয় মিছিল-সবই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক, বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক শুভাশিস মাইতিসহ অন্যান্য স্থানীয় দলীয় নেতৃত্ব।
