Kalboishakhi: ব্যাপক ঝড়ে তলিয়ে গিয়েছিল নৌকা! ২ দিন পর খোঁজ মিলল তারকের
Kalboishakhi: গোসাবা থানা সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে বসিরহাট থেকে ইট বোঝাই করে একটি ভুটভুটি গোসাবার দিকে আসছিল। পথে হঠাৎই কালবৈশাখী ঝড় শুরু হলে বিদ্যাধরী নদীর প্রবল ঢেউয়ে ভুটভুটিটি উল্টে যায়। নৌকার মাঝি কোনওক্রমে সাঁতরে পাড়ে উঠতে পারলেও, তলিয়ে যান তাঁর সহযোগী তারক বর।ঘটনার পর থেকেই নিখোঁজ শ্রমিকের সন্ধানে তল্লাশি শুরু করে গোসাবা থানার পুলিশ।

গোসাবা: সতর্কতা ছিল। তার মধ্যেও নৌকা নিয়ে গিয়েছিলেন ওঁরা। কালবৈশাখীর তাণ্ডবের মাঝেই পড়েন। নৌকা থেকে পড়ে যান নদীতে। খোঁজ মিলছিল না তাঁদের। নৌকাডুবির দুদিন পর অবশেষে উদ্ধার হল নিখোঁজ শ্রমিকের মৃতদেহ।বুধবার বিদ্যাধরী নদী থেকে তারক বর (৫২) নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ।
গোসাবা থানা সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে বসিরহাট থেকে ইট বোঝাই করে একটি ভুটভুটি গোসাবার দিকে আসছিল। পথে হঠাৎই কালবৈশাখী ঝড় শুরু হলে বিদ্যাধরী নদীর প্রবল ঢেউয়ে ভুটভুটিটি উল্টে যায়। নৌকার মাঝি কোনওক্রমে সাঁতরে পাড়ে উঠতে পারলেও, তলিয়ে যান তাঁর সহযোগী তারক বর।ঘটনার পর থেকেই নিখোঁজ শ্রমিকের সন্ধানে তল্লাশি শুরু করে গোসাবা থানার পুলিশ।
খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। টানা তল্লাশির পর বুধবার উদ্ধারকারীরা নদী থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করেন। গোসাবা থানার পুলিশ দেহটি উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আজই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও এলাকায় !
চলতি সপ্তাহের শুরু থেকে কালবৈশাখীর তাণ্ডব দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গত মঙ্গলবারই কলকাতা-সহ, শহরতলি ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়। সপ্তাহভরই এই পূর্বাভাস রয়েছে।
