Suvendu Adhikari: সুন্দরবন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা আগেই বলেছিলেন, এবার ১৫ অগাস্টে প্রত্যন্ত এলাকায় মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari Sundarbans: মুখ্যমন্ত্রীর সম্ভাব্য এই কর্মসূচির জন্য গোসাবা কাছারি মাঠ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ঝিলা ফরেস্ট ক্যাম্প এলাকা খতিয়ে দেখা হয়েছে। তবে ভৌগোলিক অবস্থান ও হেলিকপ্টার অবতরণের সুবিধার্থে গোসাবা কাছারি মাঠকেই মূল অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হতে পারে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা: গত মঙ্গলবারই বাঁকুড়ায় ৭ জেলা নিয়ে বৈঠকে পশ্চিমাঞ্চলের পাশাপাশি সুন্দরবনের উন্নয়ন নিয়েও বিস্তারিত রূপরেখার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই দুই ক্ষেত্রে উন্নয়নের স্বার্থে আগামী তিন মাসের জন্য একটি স্ট্র্যাটেজিও নির্ধারণ করেছেন। স্বাধীনতা দিবসে এবার সুন্দরবন নিয়ে বিশেষ পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক অনন্য নজির সৃষ্টি হতে চলেছে সুন্দরবনে। কলকাতার চেনা রাজপথ ছেড়ে আগামী ১৫ই অগস্ট সুদূর সুন্দরবনে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সম্ভাব্য এই কর্মসূচির জন্য গোসাবা কাছারি মাঠ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ঝিলা ফরেস্ট ক্যাম্প এলাকা খতিয়ে দেখা হয়েছে। তবে ভৌগোলিক অবস্থান ও হেলিকপ্টার অবতরণের সুবিধার্থে গোসাবা কাছারি মাঠকেই মূল অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হতে পারে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিম্যধ্যেই সুন্দরবনের প্রশাসনিক ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রস্তুতির অগ্রগতি এবং নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে সম্প্রতি এলাকা পরিদর্শনে আসেন একঝাঁক শীর্ষ পুলিশ আধিকারিক। এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এডিজি (সাউথ বেঙ্গল) রাজেশ প্রসাদ সিং, এডিজি (কোস্টাল) কুশমা কর, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার।
উচ্চপদস্থ পুলিশ কর্তারা গোটা এলাকার ভৌগোলিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি আঁটসাট নিরাপত্তা বলয় তৈরির নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই সম্ভাব্য সফর ঘিরে বর্তমানে সুন্দরবন জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও প্রশাসনিক তৎপরতা অলক্ষিত হচ্ছে।
