AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan-Kunal: সিপিএমের সঙ্গে কি জোট হবে? মমতা তৃণমূলেই ভিন্ন মত! জোট নিয়ে দুই মেরুতে কল্যাণ-কুণাল

Kalyan-Kunal on TMC Left Alliance Speculation: মঞ্চে পাশাপাশি বসলে, মঞ্চের নীচে কেন একজোট নয়? সম্প্রতি প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বাম ও কংগ্রেস নেতৃত্বকে পাশে নিয়ে এমন প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। জোটের কথা সরাসরি না বলা হলেও, জোটের সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেননি তিনি। কিন্তু, সিপিএমের সঙ্গে জোটে আপত্তি তুলেছেন কল্যাণ।

Kalyan-Kunal: সিপিএমের সঙ্গে কি জোট হবে? মমতা তৃণমূলেই ভিন্ন মত! জোট নিয়ে দুই মেরুতে কল্যাণ-কুণাল
কল্যাণ-কুণালImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 15, 2026 | 2:03 PM
Share

কলকাতা: মে মাসের পর রাজ্যে পালাবদল। তারপর তৃণমূলে ভাঙন। বিধানসভায় হল দু’টি শিবির, একটা মমতা তৃণমূল, আরেকটা ঋত শিবির। আবার ২০ জন সাংসদ তৃণমূল থেকে এনসিপিআইতে যোগ দিয়েছেন। রাজনৈতিক পালাবদলের মধ্যে বেশ কিছু রাজনৈতিক সমীকরণও বদলাতে দেখা যাচ্ছে। যেমন অপ্রত্যাশিতভাবে মমতা-বেবির সমীকরণ। ফোনে কথা, তারপর দিল্লিতে জ্ঞানেশ বিরোধী আন্দোলনে একই মঞ্চে পাশাপাশি দেখা গিয়েছে তাঁদের। শুধু জাতীয় রাজনীতি নয়, বঙ্গ রাজনীতিতেও বিজেপি বিরোধী বিভিন্ন কর্মসূচিতে পাশাপাশি দেখা গিয়েছে সিপিএম ও মমতা তৃণমূলের রাজ্য নেতৃত্বকে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে জোট বাঁধবে মমতা তৃণমূল (TMC) ও সিপিএম (সিপিএম)? তবে,জোটে সিপিএমের হাত ধরা নিয়ে আড়াআড়ি ভাগ দেখা যাচ্ছে মমতা তৃণমূলে। সিপিএমের সঙ্গে জোট নিয়ে দুই মেরুতে কুণাল ঘোষ (Kunal Ghosh) ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

মঞ্চে পাশাপাশি বসলে, মঞ্চের নীচে কেন একজোট নয়? সম্প্রতি প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বাম ও কংগ্রেস নেতৃত্বকে পাশে নিয়ে এমন প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। জোটের কথা সরাসরি না বলা হলেও, জোটের সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেননি তিনি। কিন্তু, সিপিএমের সঙ্গে জোটে আপত্তি তুলেছেন কল্যাণ।

কী বলছেন কুণাল?

সিপিএমের সঙ্গে জোট প্রসঙ্গে কুণাল বলেন, “সিপিএমের তরফে বলা হচ্ছে যে তৃণমূল ক্ষমতায় নেই বলে জোটের কথা বলা হচ্ছে। বামফ্রন্ট সরকার থাকাকালীন কোনওদিন কংগ্রেসের সঙ্গে জোট করতে গিয়েছিল? সিপিএম যদি আবার ছুৎমার্গ রেখে দেয়! ওদের ভোটটা নষ্ট হয়েছে, ওদের ভোটটা কমে গিয়েছে, সেই কারণে ওই ভোটগুলি বিজেপিতে গিয়েছে। বিজেপিকে সাহায্য করার ভূমিকা তো সিপিএম পালন করেছে। আমার বক্তব্য় হল মঞ্চটাতেই যদি আমরা একসঙ্গে বসতে পারি, তাহলে মঞ্চের নীচে আসল লড়াইতে কেন থাকা যাবে না।”

কী বলছেন কল্যাণ?

কল্য়াণ বলেন, “কংগ্রেসের সঙ্গে যেতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু সিপিএমকে নিয়ে আমাদের মধ্যে অনেক রিজার্ভেশন আছে। সিপিএমেরও আছে। সিপিএম আমাদের চোর বলে। আমরা সিপিএমকে বলি ডাকাত ও ধর্ষকের দল। সিপিএম কীভাবে নির্যাতন করেছেন, সেটা তো আমরা ভুলতে পারি না। আমরা তো ভুলতে পারি না কীভাবে সেলিম আমাদের অপমান করতেন। আমরা তো ভুলতে পারি না যে সিপিএমের নেতারা কত অত্যাচার করেছে আমাদের উপর। সিপিএমের অত্যাচারে পশ্চিমবাংলার মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। সেই সিপিএমের সঙ্গে আমরা কীভাবে থাকব?”

কী বলছে সিপিএম?

জোট প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, “দুর্গন্ধ তৃণমূলের আছে থাকুক। বদনাম করেছে, তোলাবাজি করেছে, লুঠ করেছে, বাংলার সভ্যতা-সমাজ সংস্কৃতির বারোটা বাজিয়েছেন। তাই তৃণমূলের সঙ্গে জোট ছেড়ে দিন। হাত ধরাধরি করার মতো সুযোগ অন্তত আমাদের তরফ থেকে নেই। আর আমাদের দিক থেকে নেই যখন, তখন ওরা কে তর্ক-বিতর্ক করছে, সেটা শুনে আমার লাভটা কী?”

Follow Us