US President Donald Trump: ডলারে লেখা থাকবে ট্রাম্পের নাম, নিজেকে নিয়েই ঐতিহাসিক সিদ্ধান্ত!
USA Government: ১৮৬১ সালে মার্কিন মুদ্রা বা ফেডেরাল কারেন্সি সিস্টেম চালু হওয়ার পর থেকে ট্রেজারারের সই থাকত। ১৬৫ বছরের রীতি ভেঙে এই প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর থাকবে। শুধু ডলারে স্বাক্ষরই নয়, এর আগে ২৪ ক্যারেটের সোনার কয়েনেও ট্রাম্পের ছবি থাকার ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুলাই এই কয়েন প্রকাশিত হবে।

ওয়াশিংটন: মার্কিন ইতিহাসে প্রথমবার। মার্কিন মুদ্রা, ডলারে থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। এই প্রথমবার কোনও ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের সই ডলারে থাকবে। কেন এই সিদ্ধান্ত? আমেরিকার স্বাধীনতার ২৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বৃহস্পতিবার এই ঘোষণা করেছে।
১৮৬১ সালে মার্কিন মুদ্রা বা ফেডেরাল কারেন্সি সিস্টেম চালু হওয়ার পর থেকে ট্রেজারারের সই থাকত। ১৬৫ বছরের রীতি ভেঙে এই প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর থাকবে।
মার্কিন ট্রেজারির তরফে জানানো হয়েছে, আগামী জুন মাস থেকে ১০০ ডলারের বিল ছাপানো শুরু হবে। এই ডলার বিলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর থাকবে। এর পরে বাকি ডলারগুলিও ট্রাম্পের সই সহ ছাপানো শুরু হবে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, দেশের সাফল্য় ও আমেরিকার স্বাধীনতার ২৫০ তম বর্ষপূর্তি পালনে এটাই (ট্রাম্পের স্বাক্ষর যোগ করা) সবথেকে ভালো ও সঠিক পদক্ষেপ।
তিনি বলেন, “ডলার বিলে এবার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম থাকবে, আমাদের মহান দেশ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাফল্যকে এর থেকে বড় স্বীকৃতি দেওয়া যায় না।”
বর্তমানে ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং আমেরিকার ডলার ছাপায়। এতে প্রাক্তন ট্রেজারি সেক্রেটারি জানেট ইয়েলেনের স্বাক্ষর থাকে। তিনি জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন দায়িত্বে ছিলেন। ১৮৬১ সাল থেকে ট্রেজারারের সই-ই থাকত আমেরিকার ব্যাঙ্কনোটে।
শুধু ডলারে স্বাক্ষরই নয়, এর আগে ২৪ ক্যারেটের সোনার কয়েনেও ট্রাম্পের ছবি থাকার ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুলাই এই কয়েন প্রকাশিত হবে।
