PM Narendra Modi: ‘সন্ত্রাসবাদের পুরো নেটওয়ার্ক ধ্বংস করে দিতে হবে’, কড়া বার্তা প্রধানমন্ত্রীর, সাংহাই শীর্ষ সম্মেলনে আর কী কী বললেন মোদী?
PM Modi at SCO: সন্ত্রাসবাদে অর্থ জোগান, জঙ্গি নিয়োগ, মৌলবাদে প্ররোচনা এবং সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়ের বিরুদ্ধে একযোগে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মোদী। সন্ত্রাসবাদের ক্ষেত্রে দ্বিচারিতা বরদাস্ত করা হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি।

বিশকেক: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন তথা SCO-র মঞ্চ থেকে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সন্ত্রাসবাদে অর্থ জোগান, জঙ্গি নিয়োগ থেকে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়, গোটা নেটওয়ার্ক ধ্বংস করতে একযোগে পদক্ষেপের ডাক দিয়েছেন তিনি। একইসঙ্গে রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধেও সরব হয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, সন্ত্রাসবাদকে কোনওভাবেই ‘কৌশলগত হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে দ্বিচারিতাও বরদাস্ত করা হবে না।
কিরগিজ়স্তানের রাজধানী বিশকেকে সোমবার থেকে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর ২৬তম শীর্ষসম্মেলন। সেখানে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন তিনি।
তিন স্তম্ভে জোর
নিরাপত্তা (Security), যোগাযোগ (Connectivity) এবং সুযোগ (Opportunity)-এই তিনটি স্তম্ভকে আরও শক্তিশালী করে পরিকল্পনাগুলিকে বাস্তবে রূপান্তরিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সন্ত্রাসবাদের নেটওয়ার্ক ধ্বংসের বার্তা
সন্ত্রাসবাদে অর্থ জোগান, জঙ্গি নিয়োগ, মৌলবাদে প্ররোচনা এবং সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়ের বিরুদ্ধে একযোগে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মোদী। সন্ত্রাসবাদের ক্ষেত্রে দ্বিচারিতা বরদাস্ত করা হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান
রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি সন্ত্রাসবাদকে কোনওভাবেই ‘কৌশলগত হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা
আফগানিস্তানের মানুষের জন্য উন্নয়নমূলক সাহায্য ও মানবিক সহায়তা অব্যাহত রেখে সেখানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছেন মোদী।
আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের সমাধান
আঞ্চলিক সংঘাত যাতে আরও বড় আকার না নেয় এবং তার প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত না হয়, তার জন্য আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী।
মাদক পাচার ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই
মাদক পাচার, সংগঠিত অপরাধ এবং অন্যান্য নিরাপত্তাজনিত হুমকির বিরুদ্ধে SCO-র বিভিন্ন ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয় ও দ্রুত পদক্ষেপের উপর জোর দিয়েছেন মোদী।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে তা করতে গিয়ে নিয়ম অনুযায়ী সমস্ত দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার বার্তা দিয়েছেন তিনি।
বাণিজ্য ও লজিস্টিক ব্যবস্থার আধুনিকীকরণ
শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা, ডিজিটাল নথিপত্রের ব্যবহার বাড়ানো এবং লজিস্টিক নেটওয়ার্ককে আরও কার্যকর করার মাধ্যমে বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
মানুষে-মানুষে সম্পর্ক বৃদ্ধিতে জোর
যুব সম্প্রদায়, উদ্যোগপতি, কৃষক ও সাধারণ নাগরিকদের জন্য SCO-র সহযোগিতার মাধ্যমে সুযোগ তৈরির উপর গুরুত্ব দিয়েছেন তিনি।
যুব, বিজ্ঞান ও সাংস্কৃতিক আদানপ্রদান
SCO স্টার্টআপ ফোরাম, ইয়ং অথরস কনক্লেভ ও ইয়ং সাইনটিস্ট ফোরাম-এর মতো উদ্যোগের মাধ্যমে যুব সম্প্রদায়, বিজ্ঞানী ও উদ্যোগপতিদের মধ্যে আদানপ্রদান আরও বাড়ানোর কথা বলেছেন মোদী।
