AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Putin-Modi: ‘যত জানছি, অবাক হচ্ছি’, ভারতের বৈচিত্র্যে মুগ্ধ পুতিন!

Vladimir Putin on India's Diversity: স্পুটনিকের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রাচীন সভ্যতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, "ভারতীয় সভ্যতার কথাই ধরা যাক। এটি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির অন্যতম। বিষয়টি অত্যন্ত আকর্ষণীয়। যত বেশি এ সম্পর্কে জানছি, ততই মুগ্ধ হচ্ছি।"

Putin-Modi: ‘যত জানছি, অবাক হচ্ছি’, ভারতের বৈচিত্র্যে মুগ্ধ পুতিন!
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Nov 23, 2026 | 7:44 AM
Share

মস্কো: ভারতের ভাষাগত বৈচিত্র্য বরাবরই মুগ্ধ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক কথোপকথনের স্মৃতি তুলে ধরে ভারতের ভাষা ও সংস্কৃতির প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। পুতিনের কথায়, ভারতের জনসংখ্যার এক-তৃতীয়াংশ একটি সরকারি ভাষায় কথা বলেন। বাকি দুই-তৃতীয়াংশ মানুষ কথা বলেন নিজেদের মাতৃভাষায়। আর এই বৈচিত্র্যই তাঁকে বিস্মিত করেছে।

স্পুটনিকের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রাচীন সভ্যতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, “ভারতীয় সভ্যতার কথাই ধরা যাক। এটি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির অন্যতম। বিষয়টি অত্যন্ত আকর্ষণীয়। যত বেশি এ সম্পর্কে জানছি, ততই মুগ্ধ হচ্ছি।”

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাম্প্রতিক এক কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেন পুতিন। তিনি জানান, মোদীর কাছে জানতে চেয়েছিলেন, ভারতের কত মানুষ সরকারি ভাষায় কথা বলেন। উত্তরে প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছিলেন, সংখ্যাটা প্রায় ৬০ কোটি। এরপর পুতিন জানতে চান, ভারতের মোট জনসংখ্যা কত? মোদী জানান, প্রায় ১৫০ কোটি।

এই পরিসংখ্যান শুনে বিস্ময় প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। তাঁর কথায়, অর্থাৎ দেশের মোট জনসংখ্যার মাত্র এক-তৃতীয়াংশ একটি ভাষায় কথা বলেন। বাকি দুই-তৃতীয়াংশ মানুষের ভাষা কী? সেই প্রশ্নের উত্তরে মোদী জানান, তাঁরা নিজেদের ভাষায় কথা বলেন। এই প্রসঙ্গেই পুতিন বলেন, “এটা কি অসাধারণ নয়? সত্যিই বিস্ময়কর!”

উল্লেখ্য, ভারতে কোনও জাতীয় ভাষা নেই। তবে কেন্দ্রীয় স্তরে হিন্দি ও ইংরেজি সরকারি কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি সংবিধানের অষ্টম তফসিলে স্বীকৃতি পেয়েছে ২২টি ভাষা। সেই তালিকায় রয়েছে বাংলা, অসমিয়া, বোড়ো, ডোগরি, গুজরাতি, হিন্দি, কন্নড়, পঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দু-সহ একাধিক ভাষা।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুতিনের সাক্ষাৎকারের এই অংশের ভিডিয়ো। তবে ভারতের ভাষাগত বৈচিত্র্য নিয়ে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রশংসা শোনা গিয়েছে রুশ প্রেসিডেন্টের মুখে।

গত মাসে ভালদাই ডিসকাশন ক্লাবে বক্তব্য রাখতে গিয়ে ভারতকে ‘অনন্য, বৈচিত্র্যময় এবং ঐক্যবদ্ধ’ বলে উল্লেখ করেছিলেন পুতিন। তাঁর কথায়, ভারতের বিশালত্ব এবং বৈচিত্র্য যে কাউকে বিস্মিত করতে বাধ্য। সেখানেও ভারতের ভাষাগত বৈচিত্র্যের প্রসঙ্গ তুলেছিলেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ১১ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পুতিন। চলতি বছরে দুই নেতার এটি ছিল দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে অগস্ট মাসে বিশকেকে তাঁদের বৈঠক হয়েছিল।

Follow Us