ক্রিকেটের স্কোরবোর্ড তো সবার জানা, সৌরভ কী কী ব্যবসা করেছেন, জানেন
Sourav Ganguly: ২০০৯ সালে জি বাংলায় ‘দাদাগিরি’র সঞ্চালনা শুরু করেন। ১৫ বছর ধরে তিনিই দাদাগিরির মুখ ছিলেন। তিনি এই সময়ে সর্বাধিক ফি পেতেন। ২০২৫ সালে বিরাট সিদ্ধান্ত নেন সৌরভ। জি বাংলা ছেড়ে তিনি স্টার জলসার সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষর করেন ১২৫ কোটি টাকার।

কলকাতা: ২০০২ সাল, লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় খালি গায়ে ভারতের জার্সি ওড়াচ্ছেন- এই ছবি প্রতিটা বাঙালির মনে আজও জ্বলজ্বল করছে। আজও ভারতীয় ক্রিকেটের আত্মবিশ্বাসের প্রতীক সৌরভের ওই জার্সি ওড়ানো। তবে শুধু ২২ গজেই নিজের ক্ষমতা দেখাননি মহারাজ। তাঁর আত্মবিশ্বাস ও জয় করার মানসিকতাই তাঁকে বিশ্বখ্যাত খেলোয়াড়ের পাশাপাশি সফল ব্যবসায়ীতেও পরিণত করেছে। সৌরভের এই দিকটা অনেকের কাছেই অচেনা।
বেহালার বাড়িতে বেড়ে ওঠা সৌরভ ছোটবেলা থেকেই ব্যবসায়িক পরিবেশে বড় হন। বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ছাপাখানার হিসাবখাতা, ব্যবসায় মার্জিন আর কর্মী ক্ষমতার আলোচনা তাঁকে মাঠের বাইরের বাস্তবতা শিখিয়েছিল অল্প বয়সেই। আর তারই ফলাফল হয়তো দেখা গিয়েছে সৌরভের সর্বশেষ বিনিয়োগে।
ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে ইক্যুইটি পার্টনার হওয়ার এই যাত্রার বড় উদাহরণ তাঁর স্টিল শিল্পে বিনিয়োগ। ২০২৩ সালে শালবনীতে ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেন স্টিল প্ল্যান্টের জন্য। এই প্ল্যান্ট বছরে আট লক্ষ টন উৎপাদন করবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে, প্রচুর কর্মসংস্থান হবে। রাজ্যে তৈরি হবে ভারী শিল্প।
১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই-তে ব্যর্থ অভিষেক এবং তারপরে টুয়েলভথ ম্যান হিসাবে জল বইতে না চাওয়া ‘ঔদ্ধত্যে’র তকমা জুড়ে যাওয়া তাঁকে শিখিয়েছিল, ভাবমূর্তি কতটা গুরুত্বপূর্ণ। ১৯৯৬ সালে লর্ডসে শতরান করে প্রত্যাবর্তন যেমন তাঁর ক্রিকেট কেরিয়ার বদলে দেয়, তেমনই ব্যবসাতেও এই শিক্ষাকে কাজে লাগিয়েছিলেন তিনি।
২০০৪ সালে খোলেন ‘সৌরভ’স’ রেস্তোরাঁ। তবে পরে তা বন্ধ হয়ে যায় নানা কারণে। এই ব্যর্থ তাঁকে শেখায়, সবকিছু একসঙ্গে করা যায় না। এরপর থেকে তিনি এমন স্টার্টআপে বিনিয়োগ করেন, যেখানে কৌশলগত ভূমিকা রাখলেও দৈনন্দিন পরিচালনা বা দায়িত্ব অন্যদের সামলাতে হবে।
সৌরভের বিনিয়োগের মধ্যে ক্লাসপ্লাস (Classplus), জাস্টমাইরুটস (JustMyRoots) ও ফ্লিকসট্রি (Flickstree)। এই স্টার্টআপগুলোর মধ্যে ক্লাসপ্লাস হল ডিজিটাল এডুকেশন সিস্টেম। জাস্টমাইরুটস হল অনলাইনে খাবার ডেলিভারি সংস্থা। ফ্লিকসট্রি হল ভিডিয়ো কিউরেশন প্ল্যাটফর্ম।
২০০৯ সালে জি বাংলায় ‘দাদাগিরি’র সঞ্চালনা শুরু করেন। ১৫ বছর ধরে তিনিই দাদাগিরির মুখ ছিলেন। তিনি এই সময়ে সর্বাধিক ফি পেতেন। ২০২৫ সালে বিরাট সিদ্ধান্ত নেন সৌরভ। জি বাংলা ছেড়ে তিনি স্টার জলসার সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষর করেন ১২৫ কোটি টাকার। এবার স্টার জলসায় বিগ বস বাংলার সঞ্চালনা করবেন। সঙ্গে একটি কুইজ শো-ও সঞ্চালনা করবেন।
ফুটবলে ছোট থেকেই আগ্রহ ছিল সৌরভের। সেই কারণেই ফুটবল দল কেনেন। অ্যাটলেটিকো ডি কলকাতা নাম ছিল, যা পরে নাম পরিবর্তন করে রাখা হয় ATK মোহনবাগান। তবে ২০২১ সালে তিনি এই পদ থেকে সরে দাঁড়ান।
লখনউয়ের আইপিএল টিম কেনার সময়ও BCCI প্রেসিডেন্ট থাকাকালীন স্বার্থের সংঘাত এড়াতে তিনি কোনও ঝামেলা ছাড়াই সরে দাঁড়ান।
রিয়েল এস্টেটে বিনিয়োগ রয়েছে তাঁর। বেহালায় কোটি টাকার বাড়ি থেকে লন্ডনে ওয়াটার লু স্টেশনের কাছে দুই কামরা ফ্ল্যাট, কলকাতার রডন স্ট্রিটে বিলাসবহুল সম্পত্তি রয়েছে তাঁর।
সৌরভ গঙ্গোপাধ্যায় প্রমাণ করেছেন, মাঠে নেতৃত্ব আর ব্যবসায় দূরদৃষ্টি-দুটোর মূলেই আছে একই জিনিস, সঠিক সময়ে সঠিক শট খেলার সাহস।
