AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gratuity: চাকরি ছাড়লে বা অবসরের পর কত টাকা গ্র্যাচুইটি পাবেন? জেনে নিন

Gratuity Calculation 2026: সাধারণত, কোনও কর্মীর গ্র্যাচুইটির অঙ্ক নির্ধারণের ক্ষেত্রে মূলত দু'টি বিষয় বিবেচনা করা হয়। প্রথমত, তাঁর শেষ বেতন এবং দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সংস্থায় মোট কত বছর কাজ করেছেন তিনি। এখানে শেষ বেতন বলতে কর্মীর বেসিক স্যালারির সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) যোগ করে পাওয়া অঙ্ককে বোঝায়।

Gratuity: চাকরি ছাড়লে বা অবসরের পর কত টাকা গ্র্যাচুইটি পাবেন? জেনে নিন
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 16, 2026 | 5:24 PM
Share

নয়া দিল্লি: চাকরিজীবীদের কাছে বেতনের পাশাপাশি ভবিষ্যতের আর্থিক সুরক্ষার জন্য গ্র্যাচুইটি (Gratuity) গুরুত্বপূর্ণ। কোনও কর্মী একটি সংস্থায় নির্দিষ্ট সময় ধরে কাজ করার পর চাকরি ছাড়লে বা অবসর নিলে নিয়োগকারী সংস্থার তরফে এই টাকা দেওয়া হয়। অর্থাৎ, দীর্ঘদিনের পরিষেবার স্বীকৃতি হিসেবেই কর্মীকে এই আর্থিক সুবিধা দেয় সংস্থা। প্রত্যেক চাকরিজীবীর মনেই প্রশ্ন থাকে, চাকরি ছাড়ার সময় বা অবসরের পর তিনি কত টাকা গ্র্যাচুইটি পাবেন? এর হিসেব মূলত নির্ভর করে কর্মীর শেষ বেতন এবং সংশ্লিষ্ট সংস্থায় তাঁর মোট কাজের মেয়াদের উপর। নির্দিষ্ট একটি ফর্মুলার সাহায্যে সহজেই এই অঙ্ক কষে নেওয়া যায়।

কখন পাওয়া যায় গ্র্যাচুইটির টাকা, কী কী নিয়ম?

সোশ্যাল সিকিউরিটি কোড, ২০২০-এর নিয়ম অনুযায়ী, একাধিক পরিস্থিতিতে গ্র্যাচুইটির টাকা পাওয়ার অধিকারী হন কর্মীরা। কোনও কর্মী অবসর নিলে, চাকরি থেকে ইস্তফা দিলে অথবা সুপারঅ্যানুয়েশনের ক্ষেত্রে এই টাকা দিতে হয় সংস্থাকে। সাধারণ নিয়ম অনুযায়ী, নিয়মিত কর্মীদের একই সংস্থায় একটানা অন্তত ৫ বছর কাজ করতে হয়। এই শর্ত পূরণ হলেই গ্র্যাচুইটি পাওয়ার যোগ্যতা তৈরি হয়।

তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ৫ বছর কাজ করার শর্ত বাধ্যতামূলক নয়। চাকরিরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে অথবা তিনি কোনও কারণে বিশেষভাবে সক্ষম হলে, সেক্ষেত্রে ৫ বছরের পরিষেবার শর্ত প্রযোজ্য হয় না। নির্ধারিত নিয়ম মেনে ওই কর্মী অথবা তাঁর পরিবারকে গ্র্যাচুইটির টাকা দেওয়া হয়।

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নতুন নিয়ম

দীর্ঘদিন ধরে ধারণা ছিল, শুধুমাত্র স্থায়ী কর্মীরাই গ্র্যাচুইটির সুবিধা পান। তবে বর্তমানে নিয়মে পরিবর্তন এসেছে। ফিক্সড টার্ম কর্মী অর্থাৎ নির্দিষ্ট মেয়াদের চুক্তিতে কাজ করা কর্মীদের জন্যও বিশেষ ব্যবস্থা করেছে সরকার। এই কর্মীরা সাধারণ পাঁচ বছরের শর্ত পূরণ না করেও আনুপাতিক হারে গ্র্যাচুইটি পেতে পারেন।

২০২৫ সালের ২১ নভেম্বর থেকে দেশে সোশ্যাল সিকিউরিটি কোড, ২০২০-সহ চারটি শ্রমবিধি কার্যকর হয়েছে। নতুন আইনের ৫৩ নম্বর ধারায় চুক্তিভিত্তিক কর্মীদের স্বার্থ সুরক্ষিত করার কথা বলা হয়েছে। নির্দিষ্ট মেয়াদের কর্মসংস্থান চুক্তির মেয়াদ শেষ হওয়াকেও গ্র্যাচুইটি পাওয়ার যোগ্যতার আওতায় রাখা হয়েছে। অর্থাৎ, চুক্তির মেয়াদ শেষ হলেও নির্দিষ্ট শর্ত পূরণ হলে গ্র্যাচুইটির সুবিধা থেকে বঞ্চিত হবেন না কর্মীরা।

কীভাবে হিসাব করবেন গ্র্যাচুইটির টাকা?

কোনও কর্মীর গ্র্যাচুইটির অঙ্ক নির্ধারণের ক্ষেত্রে মূলত দু’টি বিষয় বিবেচনা করা হয়। প্রথমত, তাঁর শেষ বেতন এবং দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সংস্থায় মোট কত বছর কাজ করেছেন তিনি। এখানে শেষ বেতন বলতে কর্মীর বেসিক স্যালারির সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) যোগ করে পাওয়া অঙ্ককে বোঝায়।

গ্র্যাচুইটি হিসাবের ফর্মুলাটি হল

গ্র্যাচুইটি = (শেষ বেতন × ১৫ × চাকরির বছর) ÷ ২৬

এই ফর্মুলায় ১৫ এবং ২৬ সংখ্যার বিশেষ তাৎপর্য রয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতি এক বছরের পরিষেবার জন্য কর্মীকে ১৫ দিনের বেতনের সমান গ্র্যাচুইটি দেওয়া হয়। অন্যদিকে, মাসিক বেতনের হিসাব করতে ৩০ দিনের পরিবর্তে ২৬ দিনকে ভিত্তি হিসেবে ধরা হয়। বাকি চার দিন রবিবার হিসেবে বাদ দেওয়া হয়।

এক লক্ষ টাকা বেতনে ১০ বছরে কত গ্র্যাচুইটি পাবেন?

একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যাক। ধরা যাক, কোনও কর্মীর শেষ বেসিক বেতন এবং ডিএ মিলিয়ে মাসিক বেতন ১ লক্ষ টাকা। তিনি একই সংস্থায় ১০ বছর কাজ করেছেন এবং গ্র্যাচুইটি পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন। সেক্ষেত্রে ফর্মুলা অনুযায়ী হিসাব হবে

(১,০০,০০০ × ১৫ × ১০) ÷ ২৬

অর্থাৎ, ওই কর্মী আনুমানিক ৫,৭৬,৯২৩ টাকা বা প্রায় ৫.৭৭ লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন।

আবার, কোনও কর্মীর শেষ বেসিক বেতন ও ডিএ মিলিয়ে মাসিক বেতন যদি ৫০ হাজার টাকা হয় এবং তিনি একই সংস্থায় ১০ বছর কাজ করেন, তাহলে হিসাব হবে।

(৫০,০০০ × ১৫ × ১০) ÷ ২৬ সেক্ষেত্রে তাঁর প্রাপ্য গ্র্যাচুইটির অঙ্ক হবে আনুমানিক ২,৮৮,৪৬১.৫৪ টাকা।

অর্থাৎ, শেষ বেতন এবং চাকরির মেয়াদের উপর নির্ভর করেই গ্র্যাচুইটির অঙ্ক নির্ধারিত হয়। এই ফর্মুলা ব্যবহার করে চাকরিজীবীরা নিজেদের সম্ভাব্য গ্র্যাচুইটির হিসাব সহজেই করে নিতে পারেন।

Follow Us