MDR on UPI Payment: MDR নিয়ে বড় আপডেট, অনলাইন পেমেন্টে কবে থেকে চার্জ বসতে চলেছে?
UPI MDR charges: এমডিআর হল ব্যাঙ্ক ও পেমেন্ট প্রোভাইডাররা ডিজিটাল ট্রানজাকশন প্রসেসিংয়ের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে যে চার্জ নেয়, সেটি। ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া, পেমেন্ট পরিকাঠামো রক্ষণাবেক্ষণের মতো পরিষেবাগুলির খরচ মেটানোর জন্য এই ফি ধার্য করা হয়।

নয়া দিল্লি: ইউপিআই লেনদেনে বাড়ত চলেছে খরচ। বসতে চলেছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR)। আগেই এই কথা জানানো হয়েছিল। এবার কবে থেকে এই এমডিআর বসতে চলেছে ইউপিআই (UPI)-তে, তার সম্ভাব্য দিনক্ষণ সামনে এল।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যেই ২০০০ টাকার বেশি লেনদেনে এমডিআর বসতে চলেছে। অর্থ মন্ত্রক শীঘ্রই এই বিষয়ে গেজেট নোটিফিকেশন প্রকাশ করতে পারে, যেখানে কোন কোন ডিজিটাল পেমেন্ট এমডিআর থেকে সুরক্ষা পাবে, তা উল্লেখ করা থাকবে। এরপর ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র নেতৃত্বাধীন কমিটি এই বিষয়টি পর্যালোচনা করবে।
প্রসঙ্গত, এমডিআর হল ব্যাঙ্ক ও পেমেন্ট প্রোভাইডাররা ডিজিটাল ট্রানজাকশন প্রসেসিংয়ের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে যে চার্জ নেয়, সেটি। ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া, পেমেন্ট পরিকাঠামো রক্ষণাবেক্ষণের মতো পরিষেবাগুলির খরচ মেটানোর জন্য এই ফি ধার্য করা হয়।
সম্প্রতিই এমডিআর নিয়ে শোরগোল পড়তেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সাধারণ গ্রাহকদের উপরে এই এমডিআর বসানো হবে না। গ্রাহকদের জন্য ডিজিটাল ট্রানজাকশন ফ্রি থাকবে। সংসদেও এই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, দেশে ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার জন্য, ২০২০ সালে ইউপিআই -এর উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছিল। কেবল বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের উপর এমডিআর পুনরায় চালু করা হতে পারে।
