Zomato: বদলে গেল জোম্যাটোর নাম! এবার থেকে কোথায়, কীভাবে খাবার অর্ডার করবেন?
Zomato: ইটারনাল চারটি কোম্পানি, জোমাটো, ব্লিঙ্কিট, ডিস্ট্রিক্ট এবং হাইপারপিওর-এর পেরেন্ট কোম্পানি বা মূল সংস্থা হিসাবে কাজ করবে। নিজের এক্স মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি জানিয়েছেন সিইও দীপিন্দর গোয়েল।

গুরুগ্রাম: বদলে গেল জনপ্রিয় অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটোর নাম। সম্প্রতি জোম্যাটোর নাম পরিবর্তন করে তা রাখা হয়েছে ‘ইটারনাল’। চালু করা হয়েছে নতুন লোগো। কিছুদিন আগে সংস্থার সিইও দীপিন্দর গোয়েল এবং তার দল অভ্যন্তরীণভাবে এই নামটি ব্যবহার করা শুরু করেছিল। সেই ঘটনার দু’বছরেরও বেশি সময় পরে এই আনুষ্ঠানিক ভাবে পরিবর্তন করা হল নাম।
ইটারনাল চারটি কোম্পানি, জোমাটো, ব্লিঙ্কিট, ডিস্ট্রিক্ট এবং হাইপারপিওর-এর পেরেন্ট কোম্পানি বা মূল সংস্থা হিসাবে কাজ করবে।
নিজের এক্স মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি জানিয়েছেন সিইও দীপিন্দর গোয়েল। শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে একটি চিঠির ছবি শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন যে কোম্পানির বোর্ড নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে। সব শেয়ারহোল্ডারদের এই পরিবর্তনকে সমর্থন করার আহ্বানও জানিয়েছেন।
দীপিন্দর গোয়েল জোম্যাটোর যাত্রা শুরুর গল্প শেয়ার করেছেন। সেই চিঠিতে গোয়েল লেখেন, “একবার সপ্তাহান্তে, আমি শহরের বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে সেগুলো একটি ওয়েবসাইটে আপলোড করেছিলাম। কেবল অন্যদের সাহায্য করার জন্য, আমি কখনও ভাবিনি এটি একটি ব্যবসা হতে পারে।”
“Eternal” নামটি প্রথম আসে হয় যখন Zomato অনলাইন ই-কমার্স সংস্থা Blinkit অধিগ্রহণ করে। কোম্পানি এবং এবং তার ব্র্যান্ডের মধ্যে পার্থক্য করার জন্য অভ্যন্তরীণভাবে এই নাম ব্যবহার শুরু হয়। গোয়েল জানান, তারা এই পরিবর্তনটি জনসমক্ষে প্রকাশ করার পরিকল্পনা করেছিলেন যখন Zomato ছাড়াও অন্য একটি ব্যবসা তাদের ব্র্যাণ্ডের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। Blinkit এর ব্যপক বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তাঁর বিশ্বাস সেই মুহূর্তটি এসে গিয়েছে।
সিইও দীপিন্দর গোয়েল জানান, “আমরা Zomato Ltd, এর নাম পরিবর্তন করে কোম্পানির নাম Eternal Ltd রাখতে চাই।” তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে অ্যাপ বা ব্র্যান্ডের নাম পরিবর্তন হচ্ছে না, কেবল কোম্পানির নাম পরিবর্তন হবে। তিনি বলেন, “এর মানে আপনারা এখনও বলতে পারেন, ভুক লাগি হ্যায় ইয়ার, জোম্যাটো কর লেতে হ্যায়!” অর্থাৎ এখনই আপনি পুরনো অ্যাপ দিয়েই খাবার অর্ডার করতে পারবেন, সেখানে কোনও পরিবর্তন হবে না।
#BREAKING The board has approved the renaming of Zomato Limited to Eternal Limited, while the brand name will continue to be Zomato pic.twitter.com/i6hOnwQlV4
— IANS (@ians_india) February 6, 2025
জোম্যাটোর নাম পরিবর্তনের খবর প্রকাশ্যে আসতেই নেট মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন ব্যবহারকারী লিখেছেন, “জোম্যাটোর নাম পরিবর্তন করে ‘ইটারনাল’ রাখা হয়েছে, অনন্য নামটি ছেড়ে এই নাম রাখা হল!”
আরেকজন লিখেছেন, “ইটারনাল? আমার মনে হয় ভুল পদক্ষেপ। জোমাটো বাজারে এত ভালো অবস্থানে আছে কেন নাম পরিবর্তন করা হচ্ছে?”
অন্য একজন মজা করে লিখেছেন, “ইটারনাল কেন যখন আমরা বলতে পারি – জোম্যাটো, টমেটো, পটাটো।”
