AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee : ‘আমার দোষ নয়, কমিশনের দোষ, আইন-শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে’, কালিয়াচকের ঘটনায় সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

WB Assembly Election 2026 : সাগরদিঘি থেকে বিজেপির বিরুদ্ধে ফের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াচকের ঘটনা বিজেপির গেম প্ল্যান। এমনই অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ সুপ্রিম কোর্ট ঠিক যা বলেছে, ঠিক বলেছে।" তাঁর আবেদন, লড়াইটা শান্তিপূর্ণভাবে করতে হবে। কারও প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করেছেন তৃণমূল নেত্রী।

Mamata Banerjee : 'আমার দোষ নয়, কমিশনের দোষ, আইন-শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে', কালিয়াচকের ঘটনায় সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Updated on: Apr 02, 2026 | 3:20 PM
Share

সাগরদিঘি : সাগরদিঘি থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াচকের ঘটনা বিজেপির গেম প্ল্যান। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, “আমার দোষ নয়, কমিশনের দোষ। আইন-শৃঙ্খলা রক্ষায় কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।” সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ সুপ্রিম কোর্ট যা বলেছে, ঠিক বলেছে।” তাঁর আবেদন, লড়াইটা শান্তিপূর্ণভাবে করতে হবে। কারও প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, বুধবার রাত থেকে উত্তপ্ত মালদহের কালিয়াচক। সাত বিচারককে ৮ ঘণ্টা আটকে রাখার অভিযোগ ওঠে। মধ্যরাতে তাঁদের উদ্ধারের পরও কনভয়ে পাথর ছুড়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এবার এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাগরদিঘির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিয়েছেন, আইন শৃঙ্খলা এখন তাঁর হাতে নেই। তিনি বলেন, “ওরা অমিত শাহের কথায় চলে। মুখ্যসচিব পরিবর্তন হয়ে গিয়েছে, স্বরাষ্ট্রসচিব পরিবর্তন হয়ে গিয়েছে। ডিজি পরির্বতন হয়ে গিয়েছে। সব কেড়ে নিয়ে নির্বাচন কমিশন সুপার রাষ্ট্রপতি শাসন জারি করেছে। কাল মালদহে যা ঘটেছে, কে করেছে জানি না। কোনও তথ্য আমাকে দেয় না। আমি এক সাংবাদিকের থেকে জানতে পারলাম। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী, আমার ভবানীপুর কেন্দ্রে জেনে রাখবেন দেড় খানা ওয়ার্ড আছে। যেখানে সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে। সাগরদিঘিতেও ঢেলে বাদ দিয়েছে। এটা আমরা সবাই জানি। এক কোটি ২০ লক্ষ নাম বাদ দিয়েছে। তার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্ট সত্য কথাই বলেছে, এটা হতে পারে না। যাঁদের ৬০ লাখ নাম অ্যাডজুডিকেশনে আছে, তাঁদেরটা নতুন করে বিচার করতে হবে।”

এরপরই জনগণের উদ্দেশে শান্তিপূর্ণ লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,” লড়াইটা শান্তিপূর্ণ করতে হবে। বিজেপি কয়েকজনকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, রাস্তা অবরোধ করল, বিচারকদের ঘেরাও করল। রেজাল্টটা কী হল? আজ সুপ্রিম কোর্ট ঠিক বলেছে। আপনারা কি জানেন না যাঁরা আন্দোলন করেছে তাঁদের বিরুদ্ধে সিবিআই করেছে, এনআইএ করেছে। বিজেপির এটা গেমপ্ল্যান। এখানকার নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে বিজেপি।”

জনগণের উদ্দেশে তাঁর বার্তা, কেউ যেন প্ররোচনায় পা দেন। এই বিষয়ে তৃণমূল নেত্রী বলেন, “যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা দেবেন না। কোনও বিচারকের কাছে যাবেন না। কারও কথায় এভাবে করবেন না। নাম না করে আসাদউদ্দিন ওয়েইসিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”বিজেপির টাকায় হায়দরাবাদ থেকে কেউ উড়ে এসেছে, আর টাকা নিয়ে এখানে ভোট ভাগাবাঘি করার চেষ্টা করছে। বাংলাকে রক্ষা করুন। মুর্শিদাবাদকে রক্ষা করুন। আমি থাকতে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না। কিন্তু, আইন হাতে তুলে নেবেন না। সব আইন কেড়ে নিয়েছে। আমার দোষ এখানে নেই। সব কমিশনের দোষ। বিচারকদের সুরক্ষা দিতে পারেনি।”

Follow Us