Bollywood: বিজয়ের পর এবার ধনুষ! রাজনীতিতে পা রাখছেন অভিনেতা? ফাঁস করলেন ঘনিষ্ঠ
Dhanush political entry: থলপতি বিজয়ের পর কি এ বার রাজনীতিতে নামছেন দক্ষিণী তারকা ধনুশ? ঘনিষ্ঠ সুরকার জিভি প্রকাশ কুমারের মন্তব্যে তুঙ্গে জল্পনা। সম্প্রতি চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জিভি প্রকাশ। ধনুশকে নিয়ে কী বলেছেন তিনি?

দক্ষিণী তারকা ধনুশ (Dhanush) কি এ বার সত্যি সত্যিই রাজনীতির ময়দানে নামছেন? দক্ষিণী ছবির জগতে কান পাতলে এখন এই একটি প্রশ্নই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। বিশেষ করে থলপতি বিজয় নিজের নতুন দল গড়ে ভোটের লড়াইয়ে নামার পর থেকেই জল্পনা চলছিল, এর পর কে? সেই তালিকায় সবার উপরে উঠে এসেছে ধনুশের নাম। আর সেই আগুনেই এ বার যেন ঘি ঢাললেন তাঁরই খুব কাছের বন্ধু তথা জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিভি প্রকাশ কুমার।
সম্প্রতি চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জিভি প্রকাশ। সেখানেই তাঁকে সরাসরি প্রশ্ন করা হয় ধনুশের রাজনীতিতে আসার বিষয়ে। উত্তরে তিনি যা বলেছেন, তাতেই তোলপাড় শুরু হয়েছে। জিভি স্পষ্ট জানান, ধনুশ তাঁর দীর্ঘদিনের ভীষণ কাছের বন্ধু। ভবিষ্যতে ধনুশ যদি রাজনীতিতে নামার সিদ্ধান্ত নেন, তবে এক জন বিশ্বস্ত বন্ধু হিসেবে তিনি সর্বতোভাবে তাঁর পাশে থাকবেন এবং পূর্ণ সমর্থন দেবেন। বন্ধুর এই এক কথাতেই এখন অনুরাগীদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে।
অবশ্য এই আলোচনার সূত্রপাত কিন্তু হঠাৎ করে হয়নি। এর আগেও নিজের ছবির একটি গানের অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিলেন ধনুশ। তিনি বলেছিলেন, ভক্তদের কাজ কেবল প্রিয় নায়কের সিনেমার অনুষ্ঠান দেখার মধ্যেই আটকে থাকলে চলবে না। আশপাশের মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে এবং সমাজসেবামূলক কাজে হাত লাগাতে হবে। রাজনীতির বিশেষজ্ঞরা মনে করছেন, ধনুশ আসলে অনেক দিন ধরেই তলে তলে নিজের একটা মজবুত জনভিত্তি বা কর্মী বাহিনী তৈরি করার চেষ্টা করছেন। তামিলনাড়ুর ইতিহাসে সিনেমা এবং রাজনীতির মেলবন্ধন নতুন কিছু নয়। এমজিআর থেকে শুরু করে জয়ললিতা কিংবা কমল হাসান, সবার পথেই কি এ বার হাঁটতে চলেছেন এই অভিনেতা?
তবে রাজনীতির জল্পনা তুঙ্গে থাকলেও অভিনয়ের কাজে কিন্তু কোনও খামতি রাখছেন না ধনুশ। বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালির আগামী ছবিতে তিনি একটি বড় চরিত্রে অভিনয় করতে চলেছেন। সেখানে তাঁর বিপরীতে করিনা কাপুর খানকে দেখা যেতে পারে বলে খবর। ফলে একদিকে জমজমাট অভিনয় জীবন, অন্যদিকে রাজনীতির ময়দানে পা রাখার হাতছানি, দুইয়ে মিলিয়ে এখন নজর ধনুশের পরবর্তী পদক্ষেপের দিকেই।
