Bigg Boss Bangla: ‘তুই ফ্ল্যাশ করছিস না কেন?’ বাথরুম নোংরা করার জন্য কার দিকে আঙুল তুললেন ভরত কল?
Bigg Boss Bangla house: বিগ বসের ঘরে এবার বাথরুম নোংরা করা নিয়ে লেগে গেল চরম তুলকালাম। মাঝরাতে আবার কারও বিকট নাক ডাকার শব্দে ঘুম উড়ল সদস্যদের। কী ঘটছে বিগ বসের ঘরে?

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র অন্দরে রোজই নতুন কোনও না কোনও ঝামেলা লেগেই থাকে। তবে এবার ঝগড়ার কারণ কোনও টাস্ক বা খাবার নয়, একেবারে বাথরুম! পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সদস্যদের মধ্যে এমন চিৎকার-চেঁচামেচি শুরু হল যে মুহূর্তের মধ্যে গরম হয়ে উঠল পুরো ঘরের পরিবেশ। ওদিকে আবার রাতের বেলা এক রহস্যময় নাক ডাকার শব্দে সদস্যদের ঘুম ছুটে একাকার। সব মিলিয়ে বিগ বসের ঘরে এখন ভরপুর উত্তেজনা।
গণ্ডগোলের শুরুটা হয় ডাইনিং টেবিল থেকে। তাপস পালের মেয়ে সোহিনী পাল আচমকাই রেগে গিয়ে সবাইকে জানান, ছেলেরা বাথরুম ব্যবহারের পর একদম জল দিচ্ছে না। তাঁর সাফ কথা, এমন সব দৃশ্য চোখে পড়েছে যা মুখেও আনা যায় না। সোহিনীর কথায় সঙ্গে সঙ্গে সায় দেন তনুশ্রী। তিনি টেনে আনেন মনামী ঘোষের প্রসঙ্গ। তনুশ্রী দাবি করেন, মনামী বাথরুমে ঢোকার আগে যিনি গিয়েছিলেন, তিনিও চরম নোংরা করে রেখে এসেছিলেন। ফলে বাধ্য হয়ে মনামীকেই কমোড পরিষ্কার করতে হয়েছে।
এই কথা শুনেই পাশে বসা গায়ক দুর্নিবার সাহা টিপ্পনী কাটেন। তিনি বলেন, ছেলেদের নয়, মেয়েদের বাথরুমেই নাকি এসব ঘটনা বেশি ঘটে। সদস্যদের এমন তরজা দেখে বিরক্তি চেপে রাখতে পারেননি ঘরের ‘ক্যাপ্টেন’ ভরত কল। ঠিক সেই সময়ই তনুশ্রী ইঙ্গিত দেন, মনামীর ঠিক আগে বাথরুমে কে গিয়েছিলেন সেটা খুঁজে বের করলেই আসল অপরাধী ধরা পড়ে যাবে। তনুশ্রীর চোখের ইশারা বুঝেই ভরত সরাসরি আঙুল তোলেন সহ-প্রতিযোগী জয়িতার দিকে। কোনওরকম ভণিতা না করে ভরত সোজাসুজি তাঁকে প্রশ্ন করেন, “তার মানে কি জয়িতা? এই জয়িতা, তুই ফ্ল্যাশ করছিস না কেন?”
ভরতের এমন সোজাসাপটা আক্রমণে বাকি সদস্যরা হো হো করে হেসে ওঠেন। ঝিলমও হাসতে হাসতে বলে ওঠেন, কোনও রকম সন্দেহ না রেখে একেবারে সোজাসুজি জয়িতাকেই ধরে নেওয়া হল! যদিও এই অভিযোগে প্রবল আপত্তি জানান জয়িতা। নিজের সাফাই দিয়ে তিনি স্পষ্ট বলেন, তিনি মনামীর আগে বাথরুমেই যাননি। তাছাড়া কমোড ব্যবহার করে তিনি সবসময় ভালভাবে পরিষ্কার করেন। তবে জয়িতা যতই আত্মপক্ষ সমর্থন করুন না কেন, ঘরের বাকিরা কিন্তু মজার ছলেই ধরে নিয়েছেন যে এই কাজের পেছনে জয়িতাই ছিলেন।
বাথরুমের এই ঝামেলা মেটার পর রাতে ঘটল আরেক কাণ্ড। গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন অন্ধকার ঘরে ভেসে আসতে থাকে এক ভয়ানক নাক ডাকার আওয়াজ। সেই শব্দে কান পাতা দায়! তবে কম্বলের তলায় মুখ লুকিয়ে কে এমন শব্দ করে ঘুমোচ্ছিলেন, তা স্পষ্ট বোঝা যায়নি। এই নিয়ে দর্শকদের মধ্যেও এখন দারুণ কৌতূহল।
