নামেই ইঙ্গিত? করন জোহরের ছবিতে নিজের সংসারের ছায়া দেখে বিরক্ত গোবিন্দা?
শুধু আক্ষেপ নয়, এই বিষয়ে করণ জোহরের সঙ্গে মুখোমুখি হলে কী করবেন, তাও ইঙ্গিত দিয়েছেন গোবিন্দা। রসিকতার ছলে তিনি বলেন, কখনও সামনে পড়লে করণকে ‘রজনীকান্ত স্টাইল’ ট্রিটমেন্ট দেবেন। যদিও গোবিন্দার কথায় স্পষ্ট করণের এই ছবি দেখে ক্ষুন্ন হয়েছেন তিনি।

বলিউডে ছবি ঘিরে তৈরি বিতর্ক নতুন কিছু নয়। এবার সেই চর্চার কেন্দ্রবিন্দুতে স্বয়ং হিরো নম্বর ওয়ান গোবিন্দা। করন জোহরের প্রযোজনায় তৈরি ছবি ‘গোবিন্দা নাম মেরা’ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন গোবিন্দা। তার বক্তব্য, ছবির নাম শুধু নয়, গল্পের ভেতরের সম্পর্কের জটিলতাও নাকি অদ্ভুতভাবে মিলে যায় তাঁর নিজের দাম্পত্য জীবনের সঙ্গে। আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
এক সাক্ষাৎকারে গোবিন্দা বলেন, ছবির নাম শুনেই প্রথমে তার কপালে ভাঁজ পড়ে। তার কথায়, “আমার নাম ব্যবহার করে ছবি বানানো হল, আর তার গল্পেও রয়েছে দাম্পত্য টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, তৃতীয় ব্যক্তির উপস্থিতি এগুলো কি কাকতালীয়?” গোবিন্দার দাবি, ছবির ভাবনার সঙ্গে অভিনেতার জীবনের অনেকটা মিল।
শুধু আক্ষেপ নয়, এই বিষয়ে করণ জোহরের সঙ্গে মুখোমুখি হলে কী করবেন, তাও ইঙ্গিত দিয়েছেন গোবিন্দা। রসিকতার ছলে তিনি বলেন, কখনও সামনে পড়লে করণকে ‘রজনীকান্ত স্টাইল’ ট্রিটমেন্ট দেবেন। যদিও গোবিন্দার কথায় স্পষ্ট করণের এই ছবি দেখে ক্ষুন্ন হয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পাওয়া ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন ভিকি কৌশল। গল্পে দেখানো হয়েছিল এক পুরুষ, যার দাম্পত্য জীবন টালমাটাল এবং অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার জটিলতাও রয়েছে তাঁর জীবনে। ছবিটি দর্শকদের একাংশের কাছে বিনোদন হলেও, গোবিন্দার মতে, এই ধরনের গল্প কারও ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে দেখা হলে তা অস্বস্তিকর হয়ে উঠতে পারে।
এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক নিয়ে নানা জল্পনা ইতিমধ্যেই প্রকাশ্যে। গত কয়েক মাসে সুনীতা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন দাম্পত্য জীবনের সমস্যার কথা। কখনও বিশ্বাসভঙ্গের অভিযোগ, কখনও আবার কড়া মন্তব্য সব মিলিয়ে তাদের ব্যক্তিগত সম্পর্ক সংবাদ শিরোনামে থেকেছে বারবার। তবে গোবিন্দা নিজে এই সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পরিবারকে সময় দিতেই তিনি কাজের গতি কমিয়েছিলেন। নতুন প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও তিনি সরাসরি নাকচ করেন। তার কথায়, সম্মান ও শালীনতা তার জীবনের মূল ভিত্তি।
