Bangladesh: ইউনূসের জমানা শেষের আগে আরও এক হিন্দু ব্যক্তি খুন, কী চলছে বাংলাদেশে?
Man killed in Bangladesh: ২০২৪ সালের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেখ ছাড়ার পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তারপর থেকে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলার নানা ছবি সামনে এসেছে। আবার গত বছরের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে খুনের পর নতুন করে হিংসা ছড়ায় বাংলাদেশে।

ঢাকা: মাঝে আর একদিন। তারপরই বাংলাদেশে সাধারণ নির্বাচন। আর পদ্মাপারের দেশে সেই ভোটের আগে আরও এক হিন্দু ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম সুষেণচন্দ্র সরকার (৬২)। তাঁর বাড়ি ময়মনসিংহে। পেশায় চাল ব্যবসায়ী। দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে খুন করে দোকানের ভিতর লুকিয়ে রেখে যায় বলে অভিযোগ। সোমবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বগার বাজার চৌরাস্তায়।
বগার বাজার চৌরাস্তায় সুষেণচন্দ্র সরকারের চালের ব্যবসা রয়েছে। তাঁর ছেলে জানিয়েছেন, গতকাল রাতে তাঁর বাবাকে অনেকক্ষণ ফোনে পাচ্ছিলেন না। তখন তিনি দোকানে যান। গিয়ে তিনি দেখেন, দোকানের শাটার বন্ধ। ওই সময় দোকান বন্ধ থাকায় তাঁর সন্দেহ হয়। তিনি দোকানের শাটার তুলতে গিয়ে দেখেন তালা দেওয়া নেই।
এরপর শাটার তুলে দোকানের ভেতরে তিনি ঢোকেন। তখনই দেখতে পান, তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করে চালের বস্তা দিয়ে ঢেকে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। লাখখানেক টাকার চাল উধাও। এই ঘটনার পিছনে এলাকার বাসিন্দারা মৌলবাদী সংগঠনগুলির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের বক্তব্য, মোটা অঙ্কের টাকা তোলাবাজি এই এলাকায় চলছে। ব্যবসায়ীদের আগেও হুমকির মুখে পড়তে হয়েছে। হয়তো দাবি মতো টাকা না দেওয়াতেই এই নৃশংস হত্যাকাণ্ড বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন।
২০২৪ সালের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেখ ছাড়ার পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তারপর থেকে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলার নানা ছবি সামনে এসেছে। আবার গত বছরের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে খুনের পর নতুন করে হিংসা ছড়ায় বাংলাদেশে। গত ১৮ ডিসেম্বর দীপু দাস নামে একজনকে মারধর করে পুড়িয়ে মারা হয়। তারপর আরও কয়েকজন খুন হন। এবার ভোটের ঠিক আগে আরও এক হিন্দু ব্যক্তি খুন হলেন। ভোটের পর নতুন সরকার হিংসা রোধে কী ব্য়বস্থা নেয়, সেটাই এখন দেখার।
