Shah Rukh-Salman- Aishwarya: একই সোফার উপর সলমন-ঐশ্বর্য, মধ্যরাতে গানের তালে নাচেন শাহরুখ! কোথায় ঘটল এসব?
Manish Malhotra Diwali Party: মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকই পরতে হয়। শোনা যায়, মাত্র ছয় দিনে প্রায় ৩০০টি বিশেষ লুক তৈরি করেছিল মণীশের টিম। পার্কিং লটে তৈরি বিশেষ জায়গায় প্রায় ১০০ জন পাপারাজ্জির সামনে পোজ দেন তারকারা।

প্রতি বছর আলোর উৎসবে বলিউডের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ আসর বসে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে। বি-টাউনের তাবড় সব তারকারা সেরা সাজে সেজে হাজির হন সেখানে, পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেন এবং তারপর মেতে ওঠেন পার্টির উদ্দামতায়। বাইরে থেকে তারকাদের ঝলমলে ছবি ভাইরাল হলেও, মণীশের বাড়ির বন্ধ দরজার ওপারে ঠিক কী চলে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। সম্প্রতি সাংবাদিক নম্রতা জাকারিয়া মণীশ মালহোত্রার এই বছরের দিওয়ালি পার্টিতে উপস্থিত থেকে অন্দরমহলের সমস্ত অজানা ও চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এনেছেন।
নম্রতা জানিয়েছেন, মুম্বইয়ের পালি হিলে মণীশের পাঁচতলা বিশাল বাড়িতে প্রতি বছর প্রায় ৪০০ জন অতিথি আসেন। এ বছর মণীশ অতিথি তালিকা কমিয়ে ২০০ জনে নামিয়ে আনার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত প্রায় ৩০০ জন তারকা হাজির হয়েছিলেন। পার্টির অন্যতম কড়া নিয়ম হল, প্রত্যেক অতিথিকে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকই পরতে হয়। শোনা যায়, মাত্র ছয় দিনে প্রায় ৩০০টি বিশেষ লুক তৈরি করেছিল মণীশের টিম। পার্কিং লটে তৈরি বিশেষ জায়গায় প্রায় ১০০ জন পাপারাজ্জির সামনে পোজ দেন তারকারা। এ বছর ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের বিরল রোমান্টিক উপস্থিতি সবার নজর কেড়েছিল। এছাড়াও করিনা কাপুর, সইফ আলি খান, নীতা আম্বানি, অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, ভিকি কৌশল, করণ জোহর, জোয়া আখতার, মাধুরী দীক্ষিত, কাজল, কৃতি স্যানন, মালাইকা অরোরা, হুমা কুরেশি, সান্যা মালহোত্রা, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপুরের মতো তারকারা আলো ছড়িয়েছেন এই পার্টিতে।
নম্রতা আরও জানিয়েছেন, বলিউড বাদশা শাহরুখ খান পাপারাজ্জিদের ক্যামেরা এড়াতে সবসময় বাড়ির পেছনের একটি গোপন প্রবেশপথ ব্যবহার করেন। পার্টির ভেতরেও তিনি ছবি তুলতে পছন্দ করেন না। যদি কেউ দূর থেকেও শাহরুখের ছবি তোলার চেষ্টা করেন, তবে তাঁর দেহরক্ষী রবি সিং অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই ছবি মুছে ফেলার অনুরোধ জানান। এরপরও যদি কেউ লুকিয়ে ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন, তবে মণীশের পার্টিতে তাঁর দরজা চিরতরে বন্ধ হয়ে যায়— অর্থাৎ পরের বার আর আমন্ত্রণ মেলে না।
মণীশের বাড়ির দ্বিতীয় তলায় বসে মূল পার্টির আসর, যেখানে রয়েছে একটি বিশাল লিভিং রুম, ডাইনিং রুম, দুটি টেরেস, একটি বার এবং একটি এন্টারটেইনমেন্ট রুম। জানা গিয়েছে, সলমন খান পার্টিতে এলে লিভিং রুমের একটি বিলাসবহুল সাদা সোফায় বসেন। তখন মাধুরী দীক্ষিত সহ অন্যান্য তারকারাও লাইন দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে ও কথা বলতে আসেন। সলমন খান পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর সেই সাদা সোফার দখল নেন ঐশ্বর্য রাই বচ্চন।
সবার সঙ্গে কুশল বিনিময় এবং নাচ শেষ করার পর ওই সাদা সোফায় বসেন শাহরুখ ও গৌরী খান। সাধারণত মধ্যরাতের পর পার্টিতে আসেন কিং খান। তিনি এন্টারটেইনমেন্ট রুমের ডান্স ফ্লোরে পা রাখতেই ডিজে প্রায় টানা দু’ঘণ্টা ধরে কেবল শাহরুখের ছবির গানই বাজাতে থাকেন। জানা গিয়েছে, নাচের সময় শাহরুখকে ঘিরে থাকেন তাঁর মেয়ে সুহানা খান, সুহানার দুই প্রিয় বান্ধবী অনন্যা পাণ্ডে ও শানায়া কাপুর এবং সুহানার চর্চিত প্রেমিক অগস্ত্য নন্দা। সব মিলিয়ে তারকাদের এই গোপন আড্ডা ও সেলিব্রেশন যেন রূপকথার চেয়ে কম কিছু নয়।
