Sheikh Hasina: হিটলার বাহিনীর সঙ্গে তুলনা, হাসিনাকে বাংলাদেশে আদৌ পা রাখতে দেবে তারেক সরকার?
Bangladesh: হাসিনা জানিয়েছিলেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তবে হাসিনা নিজের দেশে ফিরতে চাইলেও, বাংলাদেশ সরকার তাঁকে ফেরাতে নারাজ। হাসিনাকে কোনওভাবে দেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক।

ঢাকা: দীর্ঘ আড়াই বছরের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা (Sheikh Hasina)। তাঁকে ঢুকতে দিতে নারাজ শাসক দল বিএনপি (BNP)। হাসিনা দেশে ফেরার আগেই জ্বলতে শুরু করেছে বাংলাদেশ (Bangladesh)। ফের একবার অগ্নিগর্ভ ওপার বাংলা। হাসিনা কি আর কখনও বাংলাদেশে ফিরতে পারবেন?
বাংলাদেশের কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরত তাবাসসুমের বাড়িতে গত রাতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ছোড়া হয় পেট্রোল বোমা। দাউদাউ করে জ্বলে যায় বাড়ি। অগ্নিকাণ্ডের সময় এনসিপি নেত্রী বাড়িতে ছিলেন না, তাই বেঁচে যান। এনসিপির অভিযোগের তির আওয়ামী লিগের দিকে। যদিও আওয়ামী লিগ এই অভিযোগ অস্বীকার করেছে।
এই গোটা আবহই তৈরি হচ্ছে হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে। আগেই হাসিনা জানিয়েছিলেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তবে হাসিনা নিজের দেশে ফিরতে চাইলেও, বাংলাদেশ সরকার তাঁকে ফেরাতে নারাজ। হাসিনাকে কোনওভাবে দেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ হিটলার বাহিনীর সঙ্গে হাসিনার আওয়ামী লিগের তুলনা করে বলেন, “ফ্যাসিস্ট নেত্রী ভিডিয়ো বার্তায় হামলার নির্দেশ দিচ্ছেন। ঘরবাড়ি ভেঙে দিতে নির্দেশ দিচ্ছেন। দেশে ফিরলে নাকি তিনি চরম শিক্ষা দেবেন। সেই সুযোগ হয়তো তাঁকে কখনোই দেওয়া হবে না। একটা গোটা দল যেভাবে পালিয়ে গিয়েছে, বিশ্বে একমাত্র হিটলারের নাৎজি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার উদাহরণের সঙ্গে তুলনা করা যায়। নাৎজিরা যেমন ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনই ফ্যাসিস্ট আওয়ামী লিগও ফিরতে পারবে না বাংলাদেশে।”
