টাকা ফেরত দিতে পারলেন না রাজপাল, আদালতের কড়া নির্দেশে বিপাকে অভিনেতা
সোমবার দিল্লি হাই কোর্ট একটি নির্দেশ জারি করে, যেখানে ২০২৪ সালের একটি চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও প্রাপ্য অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় অভিনেতা রাজপাল যাদবকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দিল্লি হাই কোর্ট একটি নির্দেশ জারি করে, যেখানে ২০২৪ সালের একটি চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও প্রাপ্য অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় অভিনেতা রাজপাল যাদবকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের মে মাসে দিল্লির সেশন আদালতের দেওয়া রায়ে, অভিযোগকারী সংস্থা মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দায়ের করা চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে ওই বছরের শেষের দিকে আদালতের আরেকটি বেঞ্চ সেই সাজা স্থগিত করে, যখন রাজপাল যাদবের আইনজীবী আশ্বাস দেন যে অভিনেতা বিষয়টি মীমাংসা করতে এবং প্রযোজনা সংস্থাকে সব বকেয়া টাকা পরিশোধ করতে আগ্রহী। রাজপাল যাদব মোট ২.৫ কোটি টাকা দুই কিস্তিতে পরিশোধের আবেদন জানান—২০২৫ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে ৪০ লক্ষ টাকা এবং চলতি বছরের ১৫ জানুয়ারির মধ্যে বাকি ২.১ কোটি টাকা।
তবে অভিনেতা আদালতের নির্দেশ মানতে ব্যর্থ হওয়ায়, দিল্লি হাই কোর্ট আর কোনও সহনশীলতা দেখাতে অস্বীকার করে এবং আত্মসমর্পণের নির্দেশ জারি করে। শুনানির সময় আদালত রাজপালের আচরণের সমালোচনাও করে এবং জানায় যে তিনি ডিমান্ড ড্রাফট জমা দেওয়ার জন্য কোনও পদক্ষেপ করেননি কিংবা ড্রাফটে উল্লেখিত ত্রুটিগুলি সংশোধন করেননি। আদালত অর্থ পরিশোধ না করার বিষয়ে অভিনেতার দেওয়া ব্যাখ্যাও খারিজ করে দেয়। রাজপাল যাদবকে বুধবার, ৪ ফেব্রুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এখন অভিনেতা আত্মসমপর্ণ করবেন কিনা, বিষয়টা কোন দিকে মোড় নেবে, সেটা দেখার অপেক্ষা।
