উত্তরপ্রদেশ যেতে কেন ভয় পেতেন হিরোইনরা? মাধুরীর সঙ্গে কী ঘটেছিল? স্পষ্ট জানালেন রবি কিষাণ
একসময় বলিপাড়ার নায়িকারা এই রাজ্যে আসতে কতটা আতঙ্কিত বোধ করতেন, তা যেন স্পষ্ট হয়ে উঠল রবি কিষাণের বক্তব্যে। মাধুরী দীক্ষিতের ছবির প্রসঙ্গ তুলে, উত্তর প্রদেশের বদলে যাওয়া ছবিকেই যেন তুলে ধরলেন অভিনেতা।

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অতীতে এই রাজ্যে শুটিং করতে আসা অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা তথা সাংসদ রবি কিষাণ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতেই তিনি স্মৃতিচারণ করেন, একসময় বলিপাড়ার নায়িকারা এই রাজ্যে আসতে কতটা আতঙ্কিত বোধ করতেন, তা যেন স্পষ্ট হয়ে উঠল রবি কিষাণের বক্তব্যে। মাধুরী দীক্ষিতের ছবির প্রসঙ্গ তুলে, উত্তর প্রদেশের বদলে যাওয়া ছবিকেই যেন তুলে ধরলেন অভিনেতা।
এক সংবাদমাধ্যমে রবি কিষাণ জানান, আগেকার দিনে অভিনেত্রীরা উত্তরপ্রদেশে শুটিং করতে আসার কথা শুনলেই পিছিয়ে যেতেন। তাঁদের ধারণা ছিল এখানে নিরাপত্তা নেই। রবি কিষাণের কথায়, “নায়িকারা ভয় পেতেন এবং বলতেন— ওখানে তো গুলি চলে।” সেই সময় এই রাজ্যকে শুটিংয়ের জন্য অসুরক্ষিত মনে করা হতো বলেই দাবি করেন তিনি।
রাজ্যের আইন-শৃঙ্খলার পরিবর্তনের উদাহরণ দিতে গিয়ে রবি কিষাণ টেনে আনেন মাধুরী দীক্ষিতের প্রসঙ্গ। তিনি জানান, সম্প্রতি মাধুরী তিন দিনের জন্য উত্তরপ্রদেশে ছিলেন এবং কাজ সেরে অত্যন্ত ‘নিরাপদ ও সুরক্ষিতভাবে’ মুম্বই ফিরে গিয়েছেন। তাঁর মতে, আগের সেই ভয়ের পরিবেশ এখন আর নেই।
মাধুরী দীক্ষিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করাকে নিজের কেরিয়ারের এক বিশেষ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন রবি কিষাণ। তিনি জানান, কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে আগে কাজ করার সুযোগ হলেও, মাধুরীর সঙ্গে কাজ করা তাঁর কাছে এই প্রথম এবং অত্যন্ত সম্মানের বিষয়। বর্তমানে দুই তারকাই ওটিটি এবং বড় পর্দায় সমান সক্রিয়। রবি কিষাণকে আগামীতে দেখা যাবে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’-এ। অন্যদিকে, মাধুরী দীক্ষিতকে শেষবার দেখা গিয়েছে ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ওয়েব সিরিজ ‘মিসেস দেশপান্ডে’-তে।
