PM Modi-Donald Trump : মোদী-ট্রাম্পের ফোনালাপে ঢুকে পড়েছিলেন এলন মাস্ক? সত্যিটা জানাল নয়া দিল্লি
PM Modi-Donald Trump phone call : বিদেশমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই শুধু ফোনালাপ হয়েছিল। এই আলোচনায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দু'জনের মধ্যে কথা হয়েছে। আরও কোনও তৃতীয় ব্যক্তি এই ফোনালাপে ছিলেন না। যুদ্ধ নিয়ে দুই পক্ষের মত বিনিময়ের সুযোগও তৈরি হয়।

নয়াদিল্লি : মোদী-ট্রাম্পের আলোচনায় কি সত্যি যোগ দিয়েছিলেন ইলন মাস্ক? এই নিয়ে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ইরান-আমেরিকা যুদ্ধ নিয়ে মোদীর সঙ্গে ফোনে ট্রাম্প কথা বলছিলেন। ঠিক সেইসময় নাকি ওই ফোনালাপে হঠাৎই সামিল হয়েছিল এলন মাস্ক। এবার এই বিষয়ে বিবৃতি দিল ভারত। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না এলন মাস্ক। শুধুমাত্র দুই রাষ্ট্রনেতার মধ্যেই কথা হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২৮ ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রথম কথা হয়। সেই ফোনালাপে এলন মাস্ক আদৌ উপস্থিত ছিলেন কি না, সেই বিষয়ে বিদেশমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই শুধু ফোনালাপ হয়েছিল। এই আলোচনায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে। আরও কোনও তৃতীয় ব্যক্তি এই ফোনালাপে ছিলেন না। যুদ্ধ নিয়ে দুই পক্ষের মত বিনিময়ের সুযোগও তৈরি হয়।
দুই দেশের প্রধানের মধ্যে মূলত মধ্য প্রাচ্য়ের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, সেই নিয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর, হরমুজ় নিয়েও ট্রাম্প ও মোদীর মধ্যে কথা হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই ফোনালাপে এলন মাস্কও ছিলেন। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনার সময় কীভাবে একজন সাধারণ নাগরিক হয়ে ঢুকে পড়লেন মাস্ক, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও, ভারত দাবি করল এলন মাস্ক ওই ফোনালাপে ছিল না। না থাকাটাই স্বাভাবিক। যদি সত্যিই মাস্ক আলোচনায় থাকেন, তাহলে তা কোন নিয়মে সম্ভব হল সেই প্রশ্নও উঠে আসছে। আরও একটা বিষয় উল্লেখের, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক খুব একটা ভাল নয়, তা সকলেই জানেন। সেখানে মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনালাপে তাঁর অংশগ্রহণ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
