Sourav Ganguly Biopic: লর্ডসের স্মৃতি ফিরল মহারাজের জন্মদিনে! প্রকাশ্যে ‘দাদা’র ফার্স্ট লুক ও মুক্তির তারিখ
Sourav Ganguly Biopic First Look Out: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে এল সবচেয়ে বড় উপহার। প্রকাশ্যে এল বিক্রমাদিত্য মোতয়ানের পরিচালনায় রাজকুমার রাও অভিনীত বায়োপিক ‘দাদা – দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’-র ফার্স্ট লুক পোস্টার। প্রকাশ্যে এল মুক্তির তারিখও।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-র জন্মদিনে অবশেষে এল সুখবর। বেশ কিছুদিন ধরেই মহারাজের বায়োপিক নিয়ে দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ৮ জুলাই, দাদার জন্মদিনের বিশেষ লগ্নেই প্রকাশ্যে এল ‘দাদা – দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ (Dada – The Sourav Ganguly Story) ছবিটির বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক পোস্টার। খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্টারটি শেয়ার করে একে তাঁর জীবনের ‘সেরা উপহার’ বলে আখ্যা দিয়েছেন।
পোস্টারে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের লুক ইতিমধ্যেই নেটপাড়ায় ঝড় তুলেছে। লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে খালি গায়ে ভারতের নীল জার্সি ওড়ানোর সেই অবিস্মরণীয় মুহূর্তটিকে পুনরায় ফুটিয়ে তোলা হয়েছে এই পোস্টারে, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন আপামোর ক্রিকেটপ্রেমী বাঙালি। ছবিতে রাজকুমারের কভার ড্রাইভ দেখার জন্য যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাও স্পষ্ট জানিয়েছেন স্বয়ং দাদা।
চলতি বছরের এপ্রিল মাস থেকেই পরিচালক বিক্রমাদিত্য মোতয়ানের তত্ত্বাবধানে এই স্পোর্টস বায়োপিকের শ্যুটিং শুরু হয়েছিল জোরকদমে। সৌরভের কলকাতার বাড়ি, আরিয়ান ক্লাব থেকে শুরু করে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে হয়েছে ছবির গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং। কলকাতার পর্ব চুকিয়ে মুম্বইতেও ছবির কাজ এগিয়েছে দ্রুত গতিতে। ছবিতে সৌরভ-ডোনার প্রেমপর্ব থেকে শুরু করে গ্রেগ চ্যাপেলের সঙ্গে সেই বহুচর্চিত সংঘাতের অধ্যায়, সবই নিখুঁতভাবে সেলুলয়েডে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন নির্মাতারা। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
ফার্স্ট লুক প্রকাশের পাশাপাশি নির্মাতারা ছবিটির মুক্তির দিনও ঘোষণা করে দিয়েছেন। ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দাদা – দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’। সব মিলিয়ে মহারাজের জন্মদিনে এই ‘বিগ সারপ্রাইজ’ ভক্তদের উন্মাদনাকে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল।
