AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sweta Bhattacharya: অসহ্য যন্ত্রণা, অপারেশন করতে বললেন ডাক্তার! মেকআপের কারণে এ কী অবস্থা হল শ্বেতার?

Sweta Bhattacharya Eye Cyst: চোখে সামান্য মেকআপ ঢুকে এমন মারাত্মক বিপদ হবে, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। অসহ্য যন্ত্রণায় চিকিৎসকের কাছে ছুটতেই তিনি দিলেন অপারেশনের পরামর্শ! কিন্তু কী এমন হয়েছে অভিনেত্রীর? কী বলেছেন অভিনেত্রী?

Sweta Bhattacharya: অসহ্য যন্ত্রণা, অপারেশন করতে বললেন ডাক্তার! মেকআপের কারণে এ কী অবস্থা হল শ্বেতার?
কী হয়েছে অভিনেত্রীর?
| Edited By: | Updated on: Oct 05, 2026 | 11:06 AM
Share

শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) মানেই দর্শকদের অত্যন্ত আদরের এক অভিনেত্রী। ড্রয়িংরুমের চেনা মুখ তিনি। কিন্তু হঠাৎ করেই তাঁর জীবনে ঘনিয়েছে এক অদ্ভুত বিপত্তি। অসহ্য চোখের যন্ত্রণায় একেবারে কাবু হয়ে পড়েছেন রুবেল-পত্নী। চোখ মেলে ভালো করে তাকাতেও বেশ কষ্ট হচ্ছে তাঁর। কিন্তু হঠাৎ করে কী এমন হল শ্বেতার? তিনি হয়তো কখনও ভাবেননি যে সামান্য মেকআপ থেকে এমনটা হবে। ছোট্ট একটি অসতর্কতা, আর তা থেকেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

কী হয়েছে অভিনেত্রীর?

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন শ্বেতা। সেই ভিডিয়োতেই তিনি নিজের বর্তমান অবস্থার কথা তুলে ধরেছেন। ভিডিয়োতে স্পষ্ট দেখা গিয়েছে, তাঁর বাঁ চোখ বেশ ফুলে রয়েছে। শ্বেতা নিজেই জানিয়েছেন, চোখের ভিতর মেকআপ ঢুকে গিয়ে এই মারাত্মক বিপত্তি ঘটেছে। এর আগেও এই ফোলা চোখ নিয়ে একটি ভিডিয়ো করেছিলেন তিনি। তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো সাধারণ আঞ্জনি। কিন্তু চিকিৎসকের কাছে যেতেই সেই ভুল ভাঙে। ডাক্তারবাবু তাঁকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, এটি আঞ্জনি নয়। চোখের ভিতর মেকআপ জমে সেটি শক্ত হয়ে গিয়েছে। আর তা থেকেই সিস্টের আকার ধারণ করেছে।

চিকিৎসক এই যন্ত্রণাদায়ক সিস্ট বাদ দেওয়ার জন্য সোজা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু শ্বেতা তা করাতে ভয় পাচ্ছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অপারেশনের কথা শুনলেই তাঁর রীতিমতো ভয় লাগছে। তাই সোশাল মিডিয়ায় নিজের অসংখ্য অনুরাগীদের দ্বারস্থ হয়েছেন তিনি। শ্বেতা দর্শকদের কাছে জানতে চেয়েছেন এমন কোনও ডাক্তারের খোঁজ, যাঁর ওষুধ খেলে বিনা অস্ত্রোপচারে এই সিস্ট সেরে যায়। অভিনেত্রীর এই পোস্ট দেখার পর তাঁর অনুরাগীরাও বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই তাঁকে নানা রকম ঘরোয়া টোটকা দিচ্ছেন। কেউ কেউ আবার পরিচিত ভালো ডাক্তারের খোঁজ দিয়ে সাহায্য করার চেষ্টা করেছেন। কমেন্ট বক্সে সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কবে আবার পর্দায় ফিরবেন?

‘যমুনা ঢাকি’, ‘জড়োয়ার ঝুমকো’ থেকে শুরু করে কিছুদিন আগে শেষ হওয়া ‘কোন গোপনে মন ভেসেছে’— ছোটপর্দায় শ্বেতার কাজ সব সময় প্রশংসা কুড়িয়েছে। মেগা সিরিয়ালের পাশাপাশি বড় পর্দাতেও তিনি সফল। সুপারস্টার দেবের সঙ্গে ‘প্রজাপতি’ সিনেমাতেও তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মন কেড়েছে। আপাতত ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালের কাজ শেষ করে তিনি সাময়িক বিরতিতে রয়েছেন। তবে দর্শকদের জন্য সুখবর হল, আগামী মহালয়ার ভোরে দেবী দুর্গার একটি বিশেষ রূপে আবারও টেলিভিশন পর্দায় দেখা যাবে তাঁকে। কিন্তু তার আগে চোখের এই যন্ত্রণায় বেশ চিন্তায় পড়েছেন অভিনেত্রী। এখন দেখার বিষয়, অনুরাগীদের সাহায্যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন কি না।

Follow Us