Himanta Biswa Sarma: ‘ভারত নয়, পাকিস্তানের জন্য ইস্তেহার বানিয়েছে’, প্রাক্তন দলকে খোঁচা হিমন্তের
Lok Sabha Election 2024: শুক্রবারই ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস। এরপরই শনিবার প্রাক্তন দলকে আক্রমণ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেন কংগ্রেসের তৈরি ইস্তেহারে ক্ষমতায় এলে সমাজে ভেদাভেদ তৈরির কথা বলা হয়েছে।

গুয়াহাটি: ভারতের নয়, পাকিস্তানের নির্বাচনের জন্য ইস্তােহার তৈরি করেছে কংগ্রেস! প্রাক্তন দল কংগ্রেসকে এমনটাই খোঁচা দিলেন বিজেপি নেতা তথা বর্তমানের অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চুপ করে থাকার পাত্র নয় কংগ্রেসও। পাল্টা জবাবে কংগ্রেসও বলল, ধর্মনিরপেক্ষতার নীতি বুঝবেন না হিমন্ত।.
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পারদ চড়ছে রাজনৈতিক দলগুলির আক্রমণ-পাল্টা আক্রমণে। শুক্রবারই ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস। এরপরই শনিবার প্রাক্তন দলকে আক্রমণ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেন কংগ্রেসের তৈরি ইস্তেহারে ক্ষমতায় এলে সমাজে ভেদাভেদ তৈরির কথা বলা হয়েছে। তিনি বলেন, “এটা তোষণের রাজনীতি। আমরা এর তীব্র সমালোচনা করি। ওই ইস্তেহার দেখে মনে হচ্ছে এটা ভারতের নির্বাচনের জন্য নয়, বরং পাকিস্তানের জন্য তৈরি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশে কোনও ব্যক্তি, তা তিনি হিন্দুই হন বা মুসলিম, তিন তালাক ফিরিয়ে আনতে চান না। কেউ বাল্য বিবাহ বা বহুগামিতাকে সমর্থন করেন না। কিন্তু কংগ্রেসের মানসিকতাই হল ক্ষমতা এলে এরা সমাজকে বিভক্ত করবে। সেখানেই বিজেপি আন্দোলন শুরু করেছে ভারতকে বিশ্বগুরু বানানোর লক্ষ্যে।”
হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের পাল্টা জবাবে অসম কংগ্রেসের মুখপাত্র বেদব্রত বোরা দাবি করেন, হিমন্তের মতো দলবদলু কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার নীতি বুঝবেন না। তিনি বলেন, “শর্মা বহু বছর কংগ্রেসে ছিলেন, তারপরও দলের প্রধান নীতিই বুঝতে পারেননি। সেই কারণেই বিজেপিতে গিয়েছেন। বিজেপি বেশ কয়েক বছর থাকার পরও কংগ্রেসের সম্মানহানির চেষ্টা করেন শুধুমাত্র গেরুয়া শিবিরের প্রতি নিজের আনুগত্য দেখানোর জন্য।”
