এক মণ্ডপে বিয়ের কথা ছিল দুই বোনের, সকালে উঠে যা দৃশ্য দেখা গেল, তা কল্পনাতেও আসবে না…
Sisters Death: বাড়ির লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল যে দুই বোনকে একসঙ্গে, একই মণ্ডপে বিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী সব প্রস্তুতিও হয়ে যায়। শনিবার বিয়ে ছিল দুই বোনের। তার আগেই শুক্রবার রাতে বড় অঘটন ঘটে যায়। যখন বাড়ির সবাই বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখন দুই বোন একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে।

যোধপুর: গোটা বাড়ি সেজে উঠেছিল আলোয়। বাড়ির দুই মেয়ের বিয়ে বলে কথা। ধুমধাম করে সব আয়োজন করা হচ্ছিল। হঠাৎ সব ওলট-পালট হয়ে গেল। যাদের বিয়ে, তারাই আর রইল না। একই বাড়িতে মৃত্যু হল দুই বোনের। মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তবে প্রাথমিকভাবে অনুমান, দুই বোন একসঙ্গেই আত্মহত্যা করেছে।
রাজস্থানের যোধপুরের মানাই গ্রামের বাসিন্দা ছিলেন শোভা (২৫) ও বিমলা (২৩)। ছোট থেকেই দুই বোনের খুব ভাব। হরিহর আত্মা বলা চলে তাদের। বাড়ির লোকেরাও তাই সিদ্ধান্ত নিয়েছিল যে দুই বোনকে একসঙ্গে, একই মণ্ডপে বিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী সব প্রস্তুতিও হয়ে যায়। শনিবার বিয়ে ছিল দুই বোনের। তার আগেই শুক্রবার রাতে বড় অঘটন ঘটে যায়। যখন বাড়ির সবাই বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখন দুই বোন একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। ভোর চারটে নাগাদ তাদের অবস্থার অবনতি হয়।
পরিবারের সকলে তাদের যোধপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা দুইজনকেই মৃত বলে ঘোষণা করে। যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও বিয়ের প্রস্তুতি চলছিল, সেখানেই শোকের ছায়া নামে।
পরিবারের তরফে দুই বোনেরই সৎকার করে দেওয়ার চেষ্টা করলেও, পুলিশ সঠিক সময়ে গিয়ে তা আটকায় এবং দুজনেরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে অনুমান, দুই বোন বিষপান করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতাদের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
