Pratik ur rahaman: বহিষ্কৃত! তবু এখনও CPM-এর রাজ্য কমিটিতে প্রতীক-উরের নাম
Pratik ur rahaman: এই ঘটনাপ্রবাহের প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল সিপিএমের ফেসবুক পেজে প্রতীক উরকে বহিষ্কার করার চিঠি ২১ ঘণ্টা আগে প্রকাশিত হয়েছে। সিপিএমের নিজস্ব ওয়েবসাইটে পশ্চিম রাজ্য কমিটির তালিকায় ৮০ জনের নামের মধ্যে এখনও ৫৪ নম্বরে নাম রয়েছে প্রতীক উর রহমানের।

কলকাতা: তৃণমূলে যোগ দেওয়ার প্রায় ২৪ ঘণ্টা হতে চলেছে। এখনও সিপিএমের রাজ্য কমিটিতে নাম রয়েছে প্রতীক উর রহমানের। ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে সেই নাম। শনিবার বিকালে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন প্রতীক-উর। তিনি যখন অভিষেকের পাশে, ঠিক তখনই সিপিএম থেকে তাঁকে বহিষ্কারের খবর মেলে। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিকদের সামনে বলেন, শত্রুপক্ষে যোগ দেওয়ার কারণেই প্রতীক-উরকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়েছে।
এই ঘটনাপ্রবাহের প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল সিপিএমের ফেসবুক পেজে প্রতীক উরকে বহিষ্কার করার চিঠি ২১ ঘণ্টা আগে প্রকাশিত হয়েছে। সিপিএমের নিজস্ব ওয়েবসাইটে পশ্চিম রাজ্য কমিটির তালিকায় ৮০ জনের নামের মধ্যে এখনও ৫৪ নম্বরে নাম রয়েছে প্রতীক উর রহমানের।
তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “এর উত্তর তো মহম্মদ সেলিম দিতে পারবেন। কেন তাঁদের রাজ্য কমিটির তালিকায় প্রতীক উরের নাম রয়ে গিয়েছে। এটা অনিচ্ছাকৃত নাকি তাঁদের বাধ্য বাধকতা, সেটাও তিনিই বলতে পারবেন। আসলে ৪৪০ ভোল্টের শক খেয়েছে তো সিপিএম, তাই ধাতস্থ হতে একটু সময় লাগবে।”
যদিও এই বিষয়টিকে একেবারেই আমল দিতে চাননি সিপিএম নেতা শতরূপ ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, “বিরাট অপরাধ হয়ে গিয়েছে। ওরা বাংলায় গত ১৫ বছরে একটা কারখানা করতে পারেনি। একটা লোককে চাকরি দিতে পারেনি।”
