TMC-Congress Merger: তৃণমূল কি তবে মিশে যাচ্ছে কংগ্রেসের সঙ্গে? এবার খোলসা করলেন বেণুগোপাল
KC Venugopal on TMC Congress Merger: ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আবার রাহুল গান্ধীর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ এবং বৈঠক করেন অভিষেক। এরপরই জল্পনা শোনা যায় যে কংগ্রেসে আবার ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নয়া দিল্লি: কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কি এক হয়ে যাবে? বুধবার থেকে এই জল্পনাতেই উত্তাল রাজ্য তথা দেশের রাজনীতি। আজ কংগ্রেসের (Congress) তরফে স্পষ্ট করে দেওয়া হল অবস্থান। কংগ্রেস জানাল, কংগ্রেসের সঙ্গে এক হয়ে যাচ্ছে না তৃণমূল কংগ্রেস (TMC)। এটি সম্পূর্ণ ভিত্তিহীন জল্পনা।
এ দিন সাংবাদিক বৈঠকে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি বেণুগোপাল বলেন যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো তথা তৃণণূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সাক্ষাৎ জাতীয় ইস্যু নিয়ে ছিল। দুই দলের এক হয়ে যাওয়া বা মার্জার হওয়ার কোনও সম্ভাবনা নেই।
কংগ্রেস ও তৃণমূলের এক হয়ে যাওয়ার প্রসঙ্গে কেসি বেণুগোপাল বলেন, “এগুলি সব ভিত্তিহীন জল্পনা। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে সাক্ষাৎ জাতীয় ইস্যু নিয়ে আরও কার্যকরভাবে আলোচনা করার জন্য হয়েছে।”
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আবার রাহুল গান্ধীর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ এবং বৈঠক করেন অভিষেক। এরপরই জল্পনা শোনা যায় যে কংগ্রেসে আবার ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দল মিলে এক হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ অফার করা হয়েছে, এমনটাও সূত্রের দাবি ছিল।
তবে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছে দুই দলই। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে তৃণমূল মিশে যাচ্ছে না। বরং জোটে থাকবে দুই দল। পশ্চিমবঙ্গেও একজোটে থাকবে তারা। ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস।
