Indian Railways Fine: শুধু বিনা টিকিটে যাত্রা নয়, এই কাজগুলি করলে ট্রেনে উঠে গুণতে হবে মোটা টাকার ফাইন
Indian Railways Fine Rules: একইসঙ্গে নিষিদ্ধ বা কোনও বিপজ্জনক জিনিসও ট্রেনে কোনওভাবেই নিয়ে ওঠা যাবে না। সে ক্ষেত্রেই নিয়ম না মেনে ওই সমস্ত জিনিস নিয়ে ট্রেনে উঠলে কমপক্ষে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি স্টেশনে নিষিদ্ধ এলাকায় অনধিকার প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা হতে পারে।

কলকাতা: আর ২৫০ নয়, টিকিট না কেটে ট্রেনে উঠলেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা। ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন বিধি। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফে তা ঘোষণা করে দেওয়া হয়েছে। তা নিয়ে বিস্তর চর্চা চলছে নাগরিক মহলে। তবে শুধু টিকিট ছাড়া ভ্রমণ নয়, রেল যাত্রার সময় আরও বেশ কিছু ক্ষেত্রেই নিয়ম না মানলেই গুণতে হবে মোটা টাকার ফাইন। সে ক্ষেত্রে জরিমানার অঙ্কটা পৌঁছাতে পারে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
পুরুষ যাত্রীরা যদি মহিলাদের জন্য সংরক্ষিত কোচে বা সিটে ভ্রমণ করেন, তবে তাদের ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। রেল চাইলে ওই যাত্রীদের সংরক্ষিত জায়গা থেকে নামিয়েও দিতে পারে। প্রয়োজনে আরও কড়া ব্যবস্থাও নিতে পারে।
অন্যদিকে অনুমোদন ছাড়া হকারি করলে বা ভিক্ষা করলেও দিতে হবে ফাইন। এর জন্য ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যারা বারবার এই কাজ করবেন, তাদের এক বছর পর্যন্ত জেলও হতে পারে। একইসঙ্গে ট্রেনে বিশৃঙ্খলা বা অভদ্র আচরণ করলেও রেহাই নেই। ট্রেনে অশ্লীল ভাষা ব্যবহার করলে, সহযাত্রীদের বিরক্ত করলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
একইসঙ্গে নিষিদ্ধ বা কোনও বিপজ্জনক জিনিসও ট্রেনে কোনওভাবেই নিয়ে ওঠা যাবে না। সে ক্ষেত্রেই নিয়ম না মেনে ওই সমস্ত জিনিস নিয়ে ট্রেনে উঠলে কমপক্ষে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি স্টেশনে নিষিদ্ধ এলাকায় অনধিকার প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা হতে পারে।
