
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ আজ। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হবে আজ। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন রয়েছে। অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনেই ভোট গ্রহণ হবে আজ। তেলঙ্গানাতেও এক দফাতেই ১৭টি আসনে ভোট গ্রহণ হবে। এছাড়া উত্তর প্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্য প্রদেশের ৮টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ৫টি ও ওড়িশার ৪টি আসনে ভোটগ্রহণ হবে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরেও আজ ভোটগ্রহণ হবে।
এই দফায় যে বড় বড় প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হবে, তার মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপির দিলীপ ঘোষ সহ প্রমুখের।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটে, ৯ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে বিকেল ৫টা পর্যন্ত ৬২.৩১ শতাংশ ভোট পড়ল
অন্ধ্রপ্রদেশ – ৬৮.০৪%
বিহার- ৫৪.১৪%
জম্মু ও কাশ্মীর- ৩৫.৭৫%
ঝাড়খণ্ড- ৬৩.১৪%
মধ্য প্রদেশ- ৬৮.০১%
মহারাষ্ট্র- ৫২.৪৯%
ওড়িশা- ৬২.৯৬%
তেলঙ্গানা- ৬১.১৬%
উত্তর প্রদেশ- ৫৬.৩৫%
পশ্চিমবঙ্গ- ৭৫.৬৬%
উত্তর প্রদেশের রায়বরেলিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, “ওরা যদি ২২ জন বলিয়নেয়ার তৈরি করতে পারে, আমরাও কোটি কোটি লাখপতি বানাতে পারি।”
চতুর্থ দফার ভোটে বিকাল ৩টে পর্যন্ত ৫২.৬০ শতাংশ ভোট পড়ল। সর্বোচ্চ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, ৬৬.০৫ শতাংশ। আর সবথেকে কম জম্মু ও কাশ্মীরে, ভোটের মাধ্যমে ২৯.৯৩%। এছাড়া, অন্ধ্র প্রদেশে ৫৫.৪৯%, বিহারে ৪৫.২৩%, ঝাড়খণ্ডে ৫৬.৪২%, মধ্য প্রদেশে ৫৯.৬৩%, মহারাষ্ট্রে ৪৮.৩৫%, ওড়িশায় ৫২.৯১%, তেলঙ্গানায় ৫২.৩৪%, উত্তর প্রদেশে ৪৮.৪১%।
নয়টি রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে দুপুর ১টার পর্যন্ত মোট ৪০.৩২ শতাংশ ভোট পড়ল। নির্বাচন কমিশন তথ্য অনুসারে, সর্বোচ্চ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে, ৫১.৮৭ শতাংশ। আর সবথেকে কম ভোট পড়েছে জম্মু ও কাশ্মীরে, ২৩.৫৭ শতাংশ। এছাড়া, মধ্য প্রদেশে ৪৮.৫২ শতাংশ, অন্ধ্র প্রদেশে ৪০.২৬ শতাংশ, বিহারে ৩৪.৪৪ শতাংশ, ঝাড়খণ্ডে ৪৩.৮ শতাংশ, ওড়িশায় ৩৯.৩০ শতাংশ, মহারাষ্ট্রে ৩০.৮৫ শতাংশ, তেলঙ্গানায় ৪০.৮৩ শতাংশ এবং উত্তর প্রদেশে ৪০.৮৩ শতাংশ ভোট পড়েছে।
বোরখা সরিয়ে মুসলিম মহিলার পরিচয় পরীক্ষা করলেন হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবী লতা। সেই ঘটনার ভিডিয়ো অনলাইনে ফাঁস হতেই, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। হায়দরাবাদ জেলা নির্বাচন অফিসারের অভিযোগের ভিত্তিতে জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে মালাকপেট থানায় এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। সকাল ১১টা পর্যন্ত দেশে মোট ২৪.৮৭ শতাংশ ভোট পড়েছে। ভোটের হার সবথেকে বেশি পশ্চিমবঙ্গে। ৩২.৭৮ শতাংশ ভোট পড়েছে। উত্তর প্রদেশে ২৭.১২ শতাংশ, অন্ধ্র প্রদেশে ২৩.১০ শতাংশ, বিহারে ২২.৫৪ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ১৪.৯৪ শতাংশ, ঝাড়খণ্ডে ২৭.৪০ শতাংশ, মধ্য প্রদেশে ৩২.৩৮ শতাংশ, মহারাষ্ট্রে ১৭.৫১ শতাংশ, ওড়িশায় ২৩.২৮ শতাংশ ও
তেলঙ্গানায় ২৪.৩১ শতাংশ ভোট পড়েছে।
ইন্দোরে ভোট দিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন।
দিল্লি উত্তর-পূর্বের প্রার্থী কানহাইয়া কুমার ভোট দিয়ে বলেন, “আমাদের নৈতিক দায়িত্ব ভোট দেওয়ার। দিল্লি দূর নয়। আমি গত ২২ বছর ধরে বাড়ি থেকে দূরে রয়েছি, কিন্তু আমি বরাবর ভোট দিই।”
বর বেশেই জম্মু-কাশ্মীরে ভোট দিলেন এক যুবক।
তেলঙ্গানাতেও অশান্তি। হায়দরাবাদে কয়েকজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ পেতেই মঙ্গলহাট পুলিশ স্টেশনে পৌঁছন হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাধবীলতা।
অন্ধ্র প্রদেশের গুন্টুরে ভোটগ্রহণ চলাকালীন তুমুল অশান্তি। অভিযোগ, ওয়াইএসআরসিপি-র বিধায়ক তথা বিধানসভা নির্বাচনের প্রার্থী শিবকুমার লাইন ভেঙে ভোট দিতে যাচ্ছিলেন। এক ভোটার আপত্তি করলে, তাকে চড় মারেন বিধায়ক। এই নিয়ে হাতাহাতি বেঁধে যায়।
উত্তর প্রদেশের লখিমপুর খেরি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র তেনী। এদিন তিনি বানভিরপুর বুথে গিয়ে ভোট দেন।
মধ্য প্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ইন্দোরের একটি বুথে ভোট দিলেন।
চতুর্থ দফার ভোটে সকালেই ভোটারদের মধ্যে ভাল সাড়া। সকাল ৯টা পর্যন্ত দেশজুড়ে ১০.৩৫ শতাংশ ভোট পড়েছে। সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। ১৫.২৪ শতাংশ ভোট পড়েছে রাজ্যে। বিহারে ১০.১৮ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৫.০৭ শতাংশ, ঝাড়খণ্ড ১১.৭৮ শতাংশ, মধ্য প্রদেশে ১৪.৯৭ শতাংশ, মহারাষ্ট্রে ৬.৪৫ শতাংশ, ওড়িশায় ৯.২৩ শতাংশ, তেলঙ্গানায় ৯.৫১ শতাংশ, উত্তর প্রদেশে ১১.৬৭ শতাংশ ভোট পড়েছে।
জম্মু-কাশ্মীরের পণ্ডিতরাও এবার ভোট দিতে এলেন।
উত্তর প্রদেশের শাহজাহানপুরে ভোট দিলেন রাজ্যমন্ত্রী জিতিন প্রসাদ।
কাশ্মীরে ভোট দিলেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা ও তাঁর ছেলে ওমর আবদুল্লা। ফারুক আবদুল্লা বলেন, “ওরা বলছে কোনও অশান্তি নেই, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কিন্তু আমাদের কর্মীদের দুইদিন ধরে বন্দি করে রাখা হয়েছে।”
উত্তর প্রদেশের ভোটেও অশান্তি। সমাজবাদী পার্টির অভিযোগ, ফারুখাবাদ এবং কনৌজে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। সপা-র কর্মীকে এজেন্ট হতে দেওয়া হচ্ছে না। ফারুখাবাদের আলীগঞ্জের ৩৭৭ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার সপার ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। কনৌজ লোকসভার ৪১৮ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ।
সকালেই নিজের ভোট দিলেন সুপারস্টার আল্লু অর্জুন। তিনি বললেন, “আগামী পাঁচ বছরের জন্য় আজকের দিনটি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।”
দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীও সকালেই ভোট দিলেন হায়দরাবাদে। তিনি বলেন, “সকলকে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাচ্ছি।”
অধীর চৌধুী বলেন, “আমি ভোট নিয়ে আত্মবিশ্বাসী। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে, তবে বড় ঘটনা ঘটেনি। ইউসুফ পাঠানকে নিয়ে আমার কোনও সমস্যা নেই। আমার কোনও ব্যক্তির সঙ্গে নয়, দলের সঙ্গে লড়াই।”
হায়দরাবাদে ভোট দিলেন এআইএমআইএম প্রার্থী আসাউদ্দিন ওয়াইসি।
গুন্টুরের একটি বুথে সকালেই ভোট দিলেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। আজ অন্ধ্র প্রদেশে লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনও।
সকালেই রাস্তায় নেমে পড়লেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি। ভোটারদের উদ্দেশে বললেন, “আপনারা বিগত ৫ বছরে শাসন দেখেছেন। যদি মনে হয় আপনারা এতে উপকৃত হয়েছেন, তবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দিন।”
কড়া নিরাপত্তার মাঝেই জম্মু-কাশ্মীরের বাদগামে শুরু হল ভোট গ্রহণ।
আর পাঁচজন সাধারণ ভোটারের মতোই লাইনে দাঁড়িয়ে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। হায়দরাবাদের জুবিলি হিলসে ভোট দিতে আসেন তিনি।
ভোট গ্রহণ শুরু হতেই উত্তর প্রদেশের মন্ত্রী সুরেশ খান্না ভোট দিলেন শাহজাহানপুরের একটি বুথে।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হল। সকাল থেকেই বুথে ভোটারদের লম্বা লাইন।
এই দফায় যে বড় বড় প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হবে, তার মধ্যে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপির দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি, তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সহ প্রমুখের।
ভোট শুরুর আগেই বিভিন্ন বুথে ইভিএম পরীক্ষা করতে চলছে মক পোল।
আজ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। ইতিমধ্যেই বুথগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।