Bhubaneshwar Train Accident: উসকে দিল করমণ্ডলের স্মৃতি, একই ট্র্যাকে পুরো মুখোমুখি চলে এল দুই ট্রেন! তারপর…
Train Collision Averted: প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুখোমুখি চলে আসা দুটি ট্রেনের মধ্যে একটি কোনার্ক এক্সপ্রেস ছিল। অপর ট্রেনটি এখনও জানা যায়নি। দুটি ট্রেনই কীভাবে এক ট্র্যাকে চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুটি ট্রেনের মুখোমুখি দাঁড়িয়ে থাকার ছবিও সামনে এসেছে।

ভুবনেশ্বর: ভয়ঙ্কর রেল দুর্ঘটনা থেকে রক্ষা। অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ। ভুবনেশ্বরে মুখোমুখি ট্রেনের ধাক্কা (Train Collision)। আজ, বৃহস্পতিবার সকালেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রেল পরিষেবা ব্যাহত ওই লাইনে।
২০২৩ সালের ২ জুন বালাসোরে ঘটেছিল ভয়ঙ্কর দুর্ঘটনা। শালিমার-চেন্নাই করমণ্ডল সুপারফাস্ট এক্সপ্রেস ধাক্কা মেরে একটি মালবাহী ট্রেনের উপরে উঠে যায়। করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে পাশের লাইন দিয়ে আসা হাওড়া-যশবন্তপুর হামসফর সুপারফাস্ট এক্সপ্রেসেরও। ওই দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল প্রায় ৩০০ জনের। সেই ভয়ঙ্কর স্মৃতিই যেন আজ আবার ফিরে এল।
রেল সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর রেল স্টেশনের কাছে এদিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দুটি ট্রেন। ঝাড়পাড়া ওভারব্রিজের কাছে দুটি ট্রেন একই লাইনে চলে আসে। মুখোমুখি এসে দাঁড়িয়ে যায় দুটি ট্রেনই। কয়েক সেকেন্ড পর যদি ব্রেক কষা হত, তাহলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। এই ঘটনার পরই ফের একবার রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুখোমুখি চলে আসা দুটি ট্রেনের মধ্যে একটি কোনার্ক এক্সপ্রেস ছিল। অপর ট্রেনটি এখনও জানা যায়নি। দুটি ট্রেনই কীভাবে এক ট্র্যাকে চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুটি ট্রেনের মুখোমুখি দাঁড়িয়ে থাকার ছবিও সামনে এসেছে, তবে ধাক্কা লেগেছিল কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন রেলযাত্রীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন সিনিয়র রেল আধিকারিক ও টেকনিকাল টিম। তারা তদন্ত শুরু করেছে। সিগন্যালিংয়ের ভুল ছিল নাকি চালকের ভুলেই এত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
