BSF News: সিঁদুরেও শিক্ষা হয়নি, সাম্বায় দুঃসাহস দেখাচ্ছিল পাকিস্তানি, নিমেষে খেল খতম করল BSF
Pakistani Infiltrator: পহেলগাঁও হামলার পরই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা। নিরাপরাধ ২৬ পর্যটককে হত্যার বদলা নিতে পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়ে এসেছিল ভারতীয় সেনা। কিন্তু তারপরও শত্রুদের কারসাজি থামছে না।

শ্রীনগর: শত্রুদের শয়তানি কিছুতেই কমছে না। আবারও ধরা পড়ল অনুপ্রবেশকারী। জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় এক অনুপ্রবেশকারীকে (Infiltrator) হাতেনাতে ধরে ফেলে বিএসএফ (BSF)। ধৃত ব্যক্তি পাকিস্তানি (Pakistani) নাগরিক। সীমান্তের ওপার থেকে কী উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে।
পহেলগাঁও হামলার পরই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা। নিরাপরাধ ২৬ পর্যটককে হত্যার বদলা নিতে পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়ে এসেছিল ভারতীয় সেনা। কিন্তু তারপরও শত্রুদের কারসাজি থামছে না। একাধিকবার অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে জঙ্গিরা। কখনও তাদের নিকেশ করা হয়েছে, কখনও আবার বিএসএফকে দেখেই পালিয়েছে অনুপ্রবেশকারীরা। ফের একবার এমনই এক অনুপ্রবেশকারী ধরা পড়ল।
জানা গিয়েছে, রবিবার জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় সীমান্তের কাছ থেকে এক অনুপ্রবেশকারীকে ধরে বিএসএফ। ধৃত ওই অনুপ্রবেশকারীর কাছে পাওয়া গিয়েছে বেশ কিছু কাগজপত্র। পাকিস্তানের নাগরিক ভারতে কী উদ্দেশ্যে ঢুকেছিল, তা জানার চেষ্টা করছে বিএসএফ। শুরু হয়েছে তল্লাশি অভিযানও।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারিও সাম্বা সেক্টরের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়ে এক অনুপ্রবেশকারী। বিএসএফ বারংবার সতর্ক করলেও, ওই অনুপ্রবেশকারী না দাঁড়ানোয় গুলি চালানো হয়। নিকেশ করা হয় ওই অনুপ্রবেশকারীকে। সেই ঘটনার কয়েক দিন কাটতে না কাটতেই আবার অনুপ্রবেশের চেষ্টা। গত সপ্তাহে সাম্বা জেলাতেই সন্দেহভাজন দুইজনকে দেখা যায়। তাদের পোশাক অনেকটা সেনার মতো। সেনাবাহিনীর কাছে এই খবর যেতেই গত ২ ফেব্রুয়ারি সাম্বা জুড়ে তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল।
