AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi Diwali Wishes: দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর, জওয়ানদের সঙ্গে উৎসব কাটাবেন এবারও

PM Modi to Celebrate Diwali with Indian Armed Forces: ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দীপাবলিতে সীমান্তবর্তী সেনা ছাউনি ও দুর্গম এলাকায় গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটানো মোদীর অন্যতম পরিচিত ঐতিহ্য হয়ে উঠেছে। সিয়াচেন বেস ক্যাম্প থেকে এই যাত্রা শুরু হয়েছিল। এরপর দেশের বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে কর্তব্যরত সেনাকর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন তিনি।

PM Modi Diwali Wishes: দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর, জওয়ানদের সঙ্গে উৎসব কাটাবেন এবারও
দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: Social Media
| Updated on: Nov 07, 2026 | 6:41 PM
Share

নয়াদিল্লি: দীপাবলি উপলক্ষে শনিবার দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-সহ বিভিন্ন মাধ্যমে একটি ভিডিয়ো বার্তা দেন। প্রধানমন্ত্রীকে প্রথাগত পোশাকে, কপালে তিলক পরা অবস্থায় দেখা যায়। সেখানে আলোর উৎসব দীপাবলিকে অন্ধকারের বিরুদ্ধে আলোর চিরন্তন জয়ের প্রতীক হিসেবে তুলে ধরেন তিনি।

ভিডিয়ো বার্তায় কী বললেন প্রধানমন্ত্রী?

দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে ৫০ সেকেন্ডের ওই ভিডিয়োয় প্রধানমন্ত্রী বলেন, দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠেছে গোটা দেশ। তাঁর কথায়, “আলোর এই উৎসব অন্ধকারের বিরুদ্ধে আমাদের সংকল্পের প্রতিফলন।” দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তিনি প্রার্থনা করেন, আগামী দিনগুলি যেন প্রতিটি পরিবারের জীবনে আনন্দ ও সম্প্রীতি নিয়ে আসে।

এদিন প্রধানমন্ত্রী আরও জানান, প্রতি বছরের মতো এবারও ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন তিনি। দেশের জওয়ানদের মধ্যে গিয়ে উৎসব কাটানো তাঁর রুটিনে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন মোদী। এ বছরও সেই ঐতিহ্য বজায় থাকবে বলে জানান তিনি। তবে কোথায় গিয়ে জওয়ানদের সঙ্গে উৎসব কাটাবেন, সেই স্থান সম্পর্কে কিছু জানাননি প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীর সঙ্গে এক দশকেরও বেশি সময়ের ঐতিহ্য-

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দীপাবলিতে সীমান্তবর্তী সেনা ছাউনি ও দুর্গম এলাকায় গিয়ে জওয়ানদের সঙ্গে সময় কাটানো মোদীর অন্যতম পরিচিত ঐতিহ্য হয়ে উঠেছে। সিয়াচেন বেস ক্যাম্প থেকে এই যাত্রা শুরু হয়েছিল। এরপর দেশের বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে কর্তব্যরত সেনাকর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন তিনি।

বিগত বছরগুলিতে বিভিন্ন জায়গায় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটিয়েছেন প্রধানমন্ত্রী। ২০১৫ সালে পঞ্জাবের অমৃতসরের কাছে, ২০১৬ সালে হিমাচল প্রদেশে চিন সীমান্তের কাছে সুমদোহতে, ২০১৭ সালে জম্মু ও কাশ্মীরের গুরেজে, ২০১৮ সালে উত্তরাখণ্ডের হারসিলে এবং ২০১৯ সালে রাজৌরিতে দীপাবলি উদযাপন করেন তিনি।

এরপর ২০২০ সালে রাজস্থানের জয়সলমেরের লঙ্গেওয়ালা, ২০২১ সালে নওশেরা, ২০২২ সালে কার্গিল, ২০২৩ সালে লেপচা, ২০২৪ সালে গুজরাটের স্যার ক্রিক এবং ২০২৫ সালে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন মোদী। এই সফরগুলিতে সেনাকর্মীদের মিষ্টি বিতরণ, তাঁদের সঙ্গে খোলামেলা কথাবার্তা এবং সশস্ত্র বাহিনীকে বৃহত্তর পরিবারের অংশ হিসেবে তুলে ধরতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

সমৃদ্ধ ও বিকশিত ভারত গড়ার আহ্বান-

ভিডিয়ো বার্তার পাশাপাশি সরকারের জনসম্পর্ক পোর্টাল এবং ইমেলের মাধ্যমেও দেশবাসীর উদ্দেশে লিখিত শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ‘প্রিয় দেশবাসী’ সম্বোধন করে তিনি লিখেছেন, দীপাবলি হল ‘অন্ধকারের উপর আলোর, অশুভের উপর শুভর এবং হতাশার উপর আশার চিরন্তন জয়ের উৎসব’। দেশবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি নতুন উদ্যমে সমৃদ্ধ ও বিকশিত ভারত গড়ার লক্ষ্যে কাজ করার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এ বছর ৮ নভেম্বর দীপাবলির পাশাপাশি লক্ষ্মীপুজোও পালিত হবে।

Follow Us