PM Modi: নিতিন নবীনের নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর, কী আলোচনা হল?
PM Modi meets BJP national team: এদিন সন্ধেয় বিজেপি সদর দফতরে আসেন মোদী। তাঁর আসার আগেই ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের অবস্থানের সমালোচনা করে একটি প্রস্তাবও গ্রহণ করেছে বিজেপি। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের কর্মসূচিতে ‘বন্দে মাতরম’-র শুধুমাত্র প্রথম দুই স্তবক গাওয়ার সিদ্ধান্তের নিন্দা করা হয়েছে বিজেপির প্রস্তাবে।

নয়াদিল্লি: কয়েক দিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নতুন টিম গঠন হয়েছে। আর শনিবার নতুন জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এই বৈঠক হয়। গত ১৭ অগস্ট দলের সর্বভারতীয় সভাপতি ৬৫ সদস্যের নতুন টিম ঘোষণা করার পর এই প্রথম তাঁদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
বৈঠকের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, সাংগঠনিক বৈঠক নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার সুযোগ দেয়। দলের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও গভীর করার লক্ষ্যেই এই ধরনের বৈঠক হয়। নতুন সাংগঠনিক টিমের সদস্যদের সঙ্গে তাঁর ভালো আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
নতুন টিমে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। উল্লেখযোগ্য নিয়োগের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং RSS-এর জাতীয় কার্যনির্বাহী সদস্য রাম মাধব। দু’জনকেই ফের দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে আনা হয়েছে।
এর আগে শনিবারই নতুন পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন বিজেপি সভাপতি নিতিন নবীন। দলের সাংগঠনিক কৌশল, আগামী বিধানসভা নির্বাচন, তৃণমূল স্তরে সংগঠন শক্তিশালী করা এবং সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার নিয়ে সেখানে আলোচনা হয়।
‘যুব সংবাদ’-এ জোর বিজেপির-
নতুন পদাধিকারীদের সঙ্গে বৈঠকে নিতিন নবীন ‘যুব সংবাদ’, অর্থাৎ যুব সমাজের সঙ্গে নিয়মিত যোগাযোগের উপর বিশেষ জোর দিয়েছেন। সূত্রের খবর, আগামী দিনে তরুণদের কাছে পৌঁছতে একাধিক বড় কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। ১৪ বছর বা তার বেশি বয়সি তরুণদের কাছে পৌঁছনোর জন্য কার্যকর প্রচার কৌশল তৈরি নিয়েও আলোচনা হয়েছে। এই বয়সের তরুণদের মধ্যে Gen Z এবং Gen Alpha প্রজন্মের বড় অংশ রয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তের বর্ষীয়ান নেতাদের নিয়ে বিশেষ দল তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর। এই দলগুলি গঠন ও সক্রিয় করার কাজে ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM)-কে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের প্রাক্তন জাতীয় পদাধিকারীদেরও এই যুব সংযোগ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতেও নজর-
আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যের তৃণমূল স্তরে দলের সংগঠন আরও শক্তিশালী করা এবং ভোটের প্রস্তুতি জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিজেপির সদর দফতরে ফের সাংগঠনিক পর্যালোচনা বৈঠক করবেন নিতিন নবীন। ওই বৈঠকে বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতি, সাংগঠনিক সাধারণ সম্পাদক এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত থাকবেন। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পঞ্জাব-সহ আগামী দিনে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে দলের প্রস্তুতি খতিয়ে দেখা হবে। পাশাপাশি দলের বিভিন্ন কর্মসূচি এবং সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হবে।
‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে নিশানা-
এদিন সন্ধেয় বিজেপি সদর দফতরে আসেন মোদী। তাঁর আসার আগেই ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের অবস্থানের সমালোচনা করে একটি প্রস্তাবও গ্রহণ করেছে বিজেপি। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের কর্মসূচিতে ‘বন্দে মাতরম’-র শুধুমাত্র প্রথম দুই স্তবক গাওয়ার সিদ্ধান্তের নিন্দা করা হয়েছে বিজেপির প্রস্তাবে। বিজেপি জানিয়েছে, ‘রাজনৈতিক সুবিধা বা তোষণের জন্য বন্দে মাতরমের মর্যাদা ও ঐতিহ্যের সঙ্গে কোনও আপস মেনে নেওয়া হবে না।’
