S Jaishankar : ইরান-আমেরিকার সংঘর্ষে মধ্যস্থতা করছে পাকিস্তান? ‘ভারত দালাল দেশ নয়’, কড়া সমালোচনা জয়শঙ্করের
S Jaishankar criticized Pakistan : ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে পাকিস্তানের তৃতীয় পক্ষ হয়ে মধ্যস্থতাকারীর ভূমিকাকে তীব্র কটাক্ষ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন,ভারত এই ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকায় কখনও বিশ্বাসী নয়। ভারত পাকিস্তানের মতো দালাল দেশ নয়। ইরান ও আমেরিকার মধ্যস্থতা করার প্রস্তাব দিয়ে পাকিস্তান কোনও কূটনৈতিক সাফল্য অর্জন করেনি।

নয়াদিল্লি : মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে বারবার শান্তির বার্তাই দিয়েছে ভারত। ইরান ও আমেরিকা দুই দেশকেই আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে আগ্রহী হওয়ার আহ্বানও জানিয়েছে নয়া দিল্লি। কিন্তু, দুই দেশের মধ্যস্থতায় ভারত অংশ নেবে না। কারণ ভারত পাকিস্তানের মতো দালাল দেশ নয়। স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে সর্বদলীয় বৈঠকে ইরান-আমেরিকার সংঘর্ষে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। তারই জবাবে পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন জয়শঙ্কর।
ইরান-আমেরিকার যুদ্ধের প্রায় এক মাস হতে চলল। কিন্তু, এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফেই যুদ্ধ থামার ইঙ্গিত মিলছে না। কখনও ইরান শর্ত দিচ্ছে তো কখনও ট্রাম্প। সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ১৫টি শর্ত দিয়েছেন। যা খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে চাইছে না ইরান। কোনও ভাবেই তাঁরা মাথা নত করবেন না বলে জানিয়ে দিয়েছেন। আবার বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ইরানের সঙ্গে আমেরিকার বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে। ট্রাম্প নিজেই কিছুদিন আগে এমন দাবি করেছিলেন। যদিও সেই দাবি অস্বীকার করেছিল ইরান। কিন্তু, এরই মধ্যে পাকিস্তান দাবি করতে শুরু করেছে ইরান ও আমেরিকার যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন তাঁরা। ইসলামাবাদই নাকি দুই দেশের কথাবার্তার মাধ্যম হয়ে উঠেছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
পাকিস্তানের এই ভূমিকা নিয়েই সর্বদলীয় বৈঠকে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। তাঁদের অভিযোগ ছিল, ইরান ও আমেরিকার মধ্যে যোগাযোগে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে ভারত কী ভূমিকা পালন করছে? এই প্রশ্নের জবাবেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের কড়া সমালোচনা করেন। ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে পাকিস্তানের তৃতীয় পক্ষ হয়ে মধ্যস্থতাকারীর ভূমিকাকে তীব্র কটাক্ষ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন,ভারত এই ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকায় কখনও বিশ্বাসী নয়। ভারত পাকিস্তানের মতো দালাল দেশ নয়। ইরান ও আমেরিকার মধ্যস্থতা করার প্রস্তাব দিয়ে পাকিস্তান কোনও কূটনৈতিক সাফল্য অর্জন করেনি।
একইসঙ্গে জয়শঙ্কর জানান, পাকিস্তানের কাছে তৃতীয় পক্ষ হয়ে মধ্যস্থতা করা নতুন কিছু নয়। জয়শঙ্কর স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে চিন ও আমেরিকার মধ্যে এবং ১৯৮১ সালে আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিল পাকিস্তান।
