AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digital India: দোকানদারের মাথায় থাকা হিসেবের খাতাটাই কীভাবে বদলে দিল UPI?

UPI Impact on Everyday Payments: আজকের ‘YOUR INDIA’ কলামে সন্তোষ নায়ার তুলে ধরেছেন, কীভাবে ভারতে দৈনন্দিন ছোটখাটো লেনদেনের ছবিটাই বদলে দিয়েছে ইউপিআই (UPI)। এক পেয়ারা বিক্রেতার কাল্পনিক গল্পের মাধ্যমে লেখক দেখিয়েছেন, ডিজিটাল লেনদেনের রেকর্ড কীভাবে ঋণ পাওয়ার সুযোগ তৈরি করছে, পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নও তুলে ধরছে। নগদ লেনদেনের উপর নির্ভরশীল পারস্পরিক বিশ্বাসের জায়গায় ডিজিটাল রেকর্ডভিত্তিক ব্যবস্থা চালু হলে কী কী হারিয়ে যেতে পারে, সেই দিকটিও আলোচনায় এসেছে।

Digital India: দোকানদারের মাথায় থাকা হিসেবের খাতাটাই কীভাবে বদলে দিল UPI?
কেন এত দ্রুত জনপ্রিয় হল UPI?
| Edited By: | Updated on: Nov 10, 2026 | 6:10 PM
Share

স্কুলের গেটের বাইরে পেয়ারা বিক্রি করেন কমলা। গত ২০ বছর ধরে এই কাজই করছেন তিনি। এত বছরে একটিও বিক্রির হিসেব খাতায় লিখে রাখেননি। কোনও স্কুলপড়ুয়া যদি বলে, “আগামিকাল টাকা দিয়ে দেব”, কমলা মাথা নেড়ে সম্মতি জানান। আর পরের দিন সত্যিই সে টাকা দিয়ে যায়। তিনি জানেন, কোন পড়ুয়ার মা শুক্রবারের মধ্যে টাকা মিটিয়ে দেবেন। কোন নিরাপত্তারক্ষী বারবার টাকা দিতে ভুলে যান। এমনকী, কোন ছোট্ট মেয়েটিকে কখনও খালি হাতে ফেরানো যাবে না, পকেটে টাকা থাকুক বা না থাকুক, সেটাও তাঁর জানা।কমলার গোটা হিসেবের খাতাটাই আসলে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতিতে কখনও ভুল হয়নি। ব্যবসা চালানোর এক সুন্দর পদ্ধতি বটে! কিন্তু এর একটাই সমস্যা। এই হিসেব অন্য কেউ পড়তে পারে না।

একদিন দুপুরে একটি ব্যাঙ্কের কর্মী তাঁর ঝুড়ির সামনে এসে দাঁড়ালেন। দুটি পেয়ারা কিনে জিজ্ঞাসা করলেন, আরও বেশি পরিমাণে ফল কিনতে কমলা ছোট কোনও ঋণ নিতে চান কি না। প্রস্তাব শুনে কমলা খুব খুশি হলেন। কিন্তু এরপর ব্যাঙ্ককর্মী বিনয়ের সঙ্গে জানতে চাইলেন, প্রতি মাসে তাঁর কত আয় হয়, তার কোনও প্রমাণ দিতে পারবেন কি না। প্রশ্ন শুনে কমলা তাঁর দিকে তাকিয়ে হেসে ফেললেন। তারপর নিজের কপালে হাত ঠুকে বোঝালেন, সব হিসেব তো এখানেই রয়েছে! সারা সপ্তাহে শোনা সবচেয়ে মজার প্রশ্ন ছিল সেটি। কিন্তু সেই হাসির সঙ্গেই শেষ হয়ে গেল কথোপকথন। ২০ বছর ধরে তিনি যথেষ্ট উপার্জন করেছেন, অথচ তার কোনও প্রমাণই তাঁর কাছে নেই।

স্মৃতির বাইরে বেরিয়ে এল হিসেবের খাতা-

এই সমস্যার সমাধান করতেই গত এক দশক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। আর সেই সমাধানের নাম ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)। ২০১৬ সালে চালু হওয়া এই ব্যবস্থার সাফল্য কতটা ব্যাপক, তা সংখ্যার দিকে তাকালেই বোঝা যায়। ২০২৫ সালের জুলাই মাসে UPI-এর মাধ্যমে এক মাসে ১৯.৪৭ বিলিয়ন বা ১,৯৪৭ কোটি লেনদেন হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৬২.৮ কোটি লেনদেন। মোট লেনদেনের অঙ্ক ছিল ২৫.০৮ লক্ষ কোটি টাকা। তার আগের বছরের একই সময়ের তুলনায় লেনদেনের সংখ্যা প্রায় এক-চতুর্থাংশ কম ছিল। অর্থাৎ মাত্র ১২ মাসে লেনদেনের পরিমাণ বেড়েছে ৩৫ শতাংশ।

মোট লেনদেনের অর্থকে লেনদেনের সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতিটি লেনদেনের গড় মূল্য দাঁড়ায় প্রায় ১,৩০০ টাকা। অবশ্য কয়েকটি বড় অঙ্কের লেনদেন এই গড় বাড়িয়ে দিয়েছে। ফলে সাধারণত প্রতিটি লেনদেনের অঙ্ক আরও অনেক কম। ভারতের অর্থ লেনদেনের সবচেয়ে ব্যস্ত পথটি বড় কোনও ব্যবসায়িক চুক্তির উপর দাঁড়িয়ে নেই। বরং সেই পথ তৈরি হয়েছে পেয়ারা, শাকসবজি, অটোভাড়া, মোবাইল রিচার্জ এবং প্রয়োজনে কোনও আত্মীয়কে ধার দেওয়া কয়েকশো টাকা দিয়ে।

কেন এত দ্রুত জনপ্রিয় হল UPI?

UPI এত দ্রুত ছড়িয়ে পড়ার পিছনে রয়েছে তিনটি সহজ কারণ-

প্রথমত, এই ব্যবস্থায় খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। শুধু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল ফোন থাকলেই চলে। দোকানদারকে আলাদা করে কোনও ভাড়া দেওয়া মেশিনও কিনতে হয় না। একটি ছাপানো QR কোড দিয়েই শুরু করা যায় লেনদেন।

দ্বিতীয়ত, UPI কোনও একটি নির্দিষ্ট সংস্থার নিজস্ব ব্যবস্থা নয়। একই পরিকাঠামো ব্যবহার করে একাধিক অ্যাপ কাজ করে। ফলে একটি অ্যাপ ব্যবহারকারী অনায়াসেই অন্য অ্যাপ ব্যবহারকারীকে টাকা পাঠাতে পারেন। ঠিক যেমন একটি সরকারি রাস্তা দিয়ে বিভিন্ন সংস্থার গাড়ি চলাচল করতে পারে।

তৃতীয়ত, এই ব্যবস্থায় টাকা পাঠানো অত্যন্ত দ্রুত। রবিবার রাত হোক কিংবা কাজের দিনের সকাল, কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা পৌঁছে যায়।

প্রতিটি পেয়ারা বিক্রির সঙ্গে তৈরি হচ্ছে ডিজিটাল রেকর্ড-

কয়েক মাস পর কমলাও একটি QR কোড পেলেন। তাঁর নাতনি সেটি ছাপিয়ে এনে টেপ দিয়ে পেয়ারা রাখার ঝুড়িতে আটকে দিল। প্রথমে স্কুলের ছেলেরা বিষয়টি নিয়ে হাসাহাসি করত। তারপর তারা বাবা-মায়ের ফোন থেকে টাকা দিতে শুরু করল। আর এর মধ্যেই একটি ছোট্ট পরিবর্তন ঘটে গেল, যা প্রথম কয়েক সপ্তাহ কমলার নজরেই আসেনি।

এখন প্রতিটি পেয়ারা বিক্রির সঙ্গে তৈরি হচ্ছে একটি ডিজিটাল রেকর্ড। এই রেকর্ড দেখতে হয়তো খুব সাধারণ। কিন্তু সেটিকেই প্রমাণ হিসেবে ব্যবহার করা সম্ভব। প্রমাণ করা যায়, কমলার নিয়মিত আয় রয়েছে, তিনি ধারাবাহিকভাবে ব্যবসা করছেন এবং তাঁকে ছোট অঙ্কের ঋণ দেওয়া যেতে পারে।

কমলার মতো লক্ষ লক্ষ মানুষের ক্ষেত্রে এতদিন এই ধরনের কোনও প্রমাণ ছিল না। তাঁদের উপার্জনের হিসেব ছিল শুধু নিজেদের স্মৃতিতে। আনুষ্ঠানিক অর্থনীতির কাছে তাঁরা ছিলেন প্রায় অদৃশ্য। কিন্তু হিসেবের খাতা যখন মাথার বাইরে বেরিয়ে ডিজিটাল ব্যবস্থায় জায়গা করে নিল, তখন ধীরে ধীরে তাঁরাও অর্থনীতির মূল স্রোতে দৃশ্যমান হতে শুরু করলেন।

ডিজিটাল রেকর্ডের অন্য দিকও রয়েছে-

তবে এই ডিজিটাল রেকর্ডের আরেকটি দিকও রয়েছে। একজন মানুষ কোথায়, কখন এবং কীসের জন্য টাকা খরচ করছেন, তার একটি ডিজিটাল তথ্যভাণ্ডার কোথাও জমা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, এই তথ্য কে দেখতে পারবে এবং কতদিন পর্যন্ত তা সংরক্ষিত থাকবে?

এর পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে। যাঁরা এই ব্যবস্থার বাইরে রয়েছেন, তাঁদের কথাও ভাবতে হবে। UPI ব্যবহার করতে প্রয়োজন একটি মোবাইল ফোন, ইন্টারনেট সংযোগ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই তিনটির কোনও একটি না থাকলে মানুষ এই ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

বয়সের কারণে যাঁরা ভুল বোতাম টিপে ফেলার ভয়ে মোবাইল ফোনে টাকা লেনদেন করতে ভয় পান, তাঁরাও হয়তো এই ব্যবস্থা থেকে দূরে থাকেন। এখানে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার—UPI-তে টাকা পাঠানোর সময়ই শুধু PIN দিতে হয়। টাকা গ্রহণ করার জন্য কখনও PIN দেওয়ার প্রয়োজন হয় না।

ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে কী বদলে দিল UPI?

বাণিজ্যের প্রাচীনতম সমস্যাগুলির মধ্যে অন্যতম হল, অপরিচিত দু’জন মানুষের মধ্যে কীভাবে নিরাপদে ছোট অঙ্কের টাকা লেনদেন করা যায়। ভারত সেই সমস্যার একটি সমাধান খুঁজে বের করেছে। এমন একটি ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে রাস্তার ধারের এক পেয়ারা বিক্রেতা থেকে শুরু করে বড় কোনও খুচরো ব্যবসায়ী—সকলেই একই পরিকাঠামো ব্যবহার করতে পারেন। বিশ্বের খুব বেশি দেশে এমন ব্যবস্থা দেখা যায় না।

তবুও মাঝে মাঝে পুরনো দিনগুলির কথা মনে পড়ে কমলার। আগে কোনও শিশুর কাছে টাকা না থাকলেও সে একটি পেয়ারা নিয়ে যেতে পারত। কারণ, তার দেওয়া প্রতিশ্রুতির উপর বিশ্বাস ছিল কমলার। কিন্তু এখন প্রতিটি বিক্রির হিসেব ডিজিটাল রেকর্ডে জমা হচ্ছে। আর সেই রেকর্ডে জায়গা নেই সেই ছোট্ট মেয়েটির জন্য, যাকে কোনও দিন খালি হাতে ফেরানো যায় না।

আপনার পাড়ায় এখনও কে নগদ টাকাতেই লেনদেন করেন? আর এমন কী জানেন তাঁরা, যা আমরা বাকিরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি?

সূত্র: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র ২০২৫ সালের জুলাই মাসের UPI সংক্রান্ত মাসিক পরিসংখ্যান, যা ২ অগস্ট ২০২৫-এ Business Standard-এ প্রকাশিত হয়েছিল। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের UPI-এর দশ বছর সংক্রান্ত তথ্য। প্রতি লেনদেনে গড়ে প্রায় ১,৩০০ টাকার হিসেবটি প্রতিবেদনে দেওয়া মোট অর্থ ও লেনদেনের সংখ্যা থেকে গণনা করা হয়েছে। কমলা একটি কাল্পনিক চরিত্র, কিন্তু প্রতিবেদনে ব্যবহৃত তথ্যগুলি বাস্তব।

Follow Us