SIR : শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা? বাদ পড়তে পার ৮ লাখ ভোটারের নাম
জানা গিয়েছে, কমিশনের তরফ থেকে একটা সফ্টওয়্যার তৈরি করা হয়েছে। সেই সফটওয়্যারগুলি জুডিশিয়াল অফিসারদের কাছে দিয়ে দেওয়া হবে। সেই সফটওয়্যারের মাধ্যমে নিষ্পত্তি হওয়া নামগুলি লিস্ট আকারে বের করতে পারবে। তারপর বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়া হবে। ভোটার তালিকায় কাদের নাম যুক্ত হবে, কাদের নাম বাদ গেল, দুইয়ের নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়।

কলকাতা: হাতে মাত্র ২১ দিন। এখনও পর্যন্ত কত বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি বাকি? সময়ের মধ্যে কি কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে কমিশন? জানা গিয়েছে, শুক্রবারই বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে পারে। আর তাতে বাদ যেতে পারে প্রায় ৮ লক্ষ নাম। কমিশন সূত্রে খবর, গতকাল পর্যন্ত বিবেচনাধীন ২৩ লক্ষ ৩০ হাজার নামের নিষ্পত্তি হয়েছে। প্রথম তালিকায় ৪০ শতাংশ নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। আর তাতেই হিসেব করে দেখা যাচ্ছে, ২৩ লাখ ৩০ হাজারের মধ্যে ৮ লাখের নাম বাদ পড়তে চলেছে।
বিবেচনাধীনের তালিকায় প্রায় ৬০ লাখ ভোটারের নাম রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা। ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সেক্ষেত্রে হাতে থাকছে আর মাত্র ২১ দিন। তাহলে কি কমিশন সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে? কমিশন সূত্রে খবর, প্রতিদিন গড়ে ২ লক্ষ নাম নিষ্পত্তি হচ্ছে। ১৮ মার্চের মধ্যে ২৩ লাখের বেশি নাম নিষ্পত্তি হয়ে গিয়েছে। এখনও ঝুলে ৩৭ লাখের নাম। বাকি ২১ দিনে ৩৭ লাখ নাম বিবেচনা সম্ভব বলেই মনে করছে কমিশন।
জানা গিয়েছে, কমিশনের তরফ থেকে একটা সফ্টওয়্যার তৈরি করা হয়েছে। সেই সফটওয়্যারগুলি জুডিশিয়াল অফিসারদের কাছে দিয়ে দেওয়া হবে। সেই সফটওয়্যারের মাধ্যমে নিষ্পত্তি হওয়া নামগুলি লিস্ট আকারে বের করতে পারবে। তারপর বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়া হবে। ভোটার তালিকায় কাদের নাম যুক্ত হবে, কাদের নাম বাদ গেল, দুইয়ের নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়। সূত্রের খবর, কেন নাম বাদ পড়ল, তা আলাদা করে উল্লেখ করছে না কমিশন। এই কাজ করতে বেশ কিছুটা সময় লাগছে। আজকের মধ্যে যদি জুডিশিয়ল অফিসাররা কাজ সম্পূর্ণ করতে পারে তাহলে তারা কমিশনকে জানাবে। তারপরই ৬ ঘণ্টার মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। ইতিমধ্যেই সফ্টওয়্যারের কাজ হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে শুক্রবার বা শনিবারের মধ্যে তালিকা প্রকাশ করা হতে পারে বলে খবর।
কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের এসআইআর-এ এখনও পর্যন্ত বাদ পড়েছে ৬১ লাখ ভোটারের নাম। বিবেচনাধীনের তালিকায় ৬০ হাজার। ২৩ লাখের বেশি নিষ্পত্তি হয়েছে। তাঁদের মধ্যে যদি ৮ লাখের নাম বাদ পড়ে, তাহলে ভোটার তালিকা থেকে কত নাম বাদ পড়তে পারে? যদি, ৪০ শতাংশ হারেই নাম বাদ পড়ে, তাহলে বিবেচনাধীন ৬০ লাখের মধ্যে প্রায় ২৫ লাখের কাছাকাছি নাম বাদ পড়তে পারে। সব মিলিয়ে ভোটার তালিকা থেকে রাজ্যে ৮৫ থেকে ৮৬ লাখ নাম বাদ পড়তে পারে। বাদ পড়া ভোটাররা কী করবেন? ভোটার তালিকায় নাম না থাকলে ট্রাইব্যুনালে নাম তোলার সুযোগ থাকবে।
