Abhishek Banerjee Office: বড় খবর! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস ফাঁকা করার নির্দেশ দিল দমকল
Camac Street TMC Office: জানা গিয়েছে, ছয় এবং সাত নম্বর ফ্লোরের ফায়ার লাইসেন্স এক্সপায়ার হয়ে গিয়েছে। এই লাইসেন্স রিনিউ করতে হবে। যতক্ষণ লাইসেন্স রিনিউ হচ্ছে না, ততক্ষণ এই ফ্লোরগুলি ব্যবহার করা যাবে না। আপাতত এই দুটি তল ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসের একাংশ ফাঁকা করার নির্দেশ দেওয়া হল। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গুরুতর ত্রুটি থাকায় ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় যে বিল্ডিংয়ে আছে, তার বেসমেন্ট, ছয়ও সাত তলা খালি করার নির্দেশ দেওয়া হল।
আজ, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দমকলের তরফে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের একাংশ খালি করার নির্দেশ দেওয়া হয়। দমকলের দাবি, অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বড়সড় ত্রুটি রয়েছে বিল্ডিংয়ে। দিনকয়েক আগেই তারা ৯ নং ক্যামাক স্ট্রিটে ফায়ার অডিট করে গিয়েছিলেন। গোটা বিল্ডিংয়ের ফায়ার অডিট করতে গিয়ে দেখা যায় যে ৬ ও ৭ তলা, যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস হিসাবেই পরিচিত, সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় একাধিক ত্রুটি রয়েছে।
যেহেতু এই দুটি তল ভাড়া নেওয়া, তাই এরপর নোটিস দেওয়া হয়। কিন্তু অভিষেকের অফিসের তরফে কেউ হাজিরা দেয়নি বলে অভিযোগ। সেই কারণেই ১১সি ফায়ার সেফটি অ্যাক্ট অনুযায়ী, ছয় এবং সাততলা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর পাশাপাশি ওই বিল্ডিংয়ের বেসমেন্টেও ফায়ার সেফটি অডিট করেন দমকল আধিকারিকরা, সেখানেও একাধিক ত্রুটি পাওয়া যায়। বেসমেন্ট পার্কিংয়ের ক্ষেত্রে যে সুরক্ষা ব্যবস্থাপনা থাকতে হয়, তা মানা হয়নি। সেই কারণেই বেসমেন্টটিও ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে।
দমকলের নোটিস পাওয়ার পর কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, তাই-ই দেখার। জানা গিয়েছে, ছয় এবং সাত নম্বর ফ্লোরের ফায়ার লাইসেন্স এক্সপায়ার হয়ে গিয়েছে। এই লাইসেন্স রিনিউ করতে হবে। যতক্ষণ লাইসেন্স রিনিউ হচ্ছে না, ততক্ষণ এই ফ্লোরগুলি ব্যবহার করা যাবে না। আপাতত এই দুটি তল ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৩ সালে শেষবার ফায়ার অডিট হয়েছিল এই দুটি তলে। সেই সময় তিন বছরের জন্য় লাইসেন্স দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সেই লাইসেন্স এক্সপায়ার করে গিয়েছে। অন্যদিকে, আগেরদিন ফায়ার অডিটের সময় বেশ কিছু গলদ পাওয়া গিয়েছিল। ফায়ার অ্যালার্ম, স্প্রিংকলার কাজ করেনি।
বর্তমানে দেশের বাইরে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর আপ্তসহায়ক সুমিত রায় ও অন্যান্য কর্মচারীরা দমকলের নোটিস পেয়ে কী করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করে দেওয়া হয় কি না- তা জানা সময়ের অপেক্ষা।
