Humayun Kabir Sting Video Case: ‘স্টিং অপারেশন’ ভিডিয়ো নিয়ে এবার হাইকোর্টে হুমায়ুন, কী আবেদন জানালেন?
Humayun Kabir seeks court probe into viral sting operation video: ভিডিয়ো সামনে আসার পর হুমায়ুন প্রথমে অভিযোগ করে, ওই ভিডিয়ো এআই-র কারসাজি। আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এরপর আম জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র কামাল হোসেন সাংবাদিক বৈঠক করে দাবি করেন, “যে ভিডিয়ো নিয়ে তোলপাড় হয়েছে, সেই ভিডিয়োর সম্পূর্ণ অংশটি প্রকাশ্যে আনা হবে খুব তাড়াতাড়ি।” তিনি বলেন, “ভিডিয়োটি কেটে কেটে এডিট করে, পোস্ট করে হুমায়ুন কবীরকে হেনস্থা করা হয়েছে।”

কলকাতা: তাঁকে নিয়ে ‘বিতর্কিত’ ভিডিয়োকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চলছে। এবার ওই বিতর্কিত ভিডিয়ো নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। ওই ‘স্টিং অপারেশন’ ভিডিয়ো কীভাবে হল, তার তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করলেন AJUP চেয়ারম্যান। শুক্রবার হাইকোর্টে মামলা দায়ের করে তাঁর দাবি, তাঁকে বদনাম করার জন্য কেউ বা কারা ষড়যন্ত্র করে ওই ভিডিয়ো তৈরি করে বাজারে ছড়িয়ে দিয়েছে। তার তদন্ত নির্দেশ দিক আদালত। আগামী ২২ এপ্রিল বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলার শুনানির সম্ভাবনা।
ভিডিয়ো সামনে এনেছিল তৃণমূল-
কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন তৃণমূলের তিন নেতা কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। ভিডিয়োতে এক ব্যক্তির সঙ্গে হুমায়ুনের কথোপকথন শোনা যাচ্ছে, তবে আর এক ব্যক্তিকে দেখা যাচ্ছে না। ভিডিয়োতে শোনা যাচ্ছে, ১০০০ কোটি টাকার কোনও ডিল নিয়ে আলোচনা হচ্ছে ওই ব্যক্তি ও হুমায়ুনের মধ্যে। সেই ভিডিয়ো প্রকাশ করে বিজেপির সঙ্গে হুমায়ুনের আঁতাতে অভিযোগ করে তৃণমূল।
সেই ভিডিয়ো সামনে আসার পর হুমায়ুন প্রথমে অভিযোগ করে, ওই ভিডিয়ো এআই-র কারসাজি। আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এরপর আম জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র কামাল হোসেন সাংবাদিক বৈঠক করে দাবি করেন, “যে ভিডিয়ো নিয়ে তোলপাড় হয়েছে, সেই ভিডিয়োর সম্পূর্ণ অংশটি প্রকাশ্যে আনা হবে খুব তাড়াতাড়ি।” তিনি বলেন, “ভিডিয়োটি কেটে কেটে এডিট করে, পোস্ট করে হুমায়ুন কবীরকে হেনস্থা করা হয়েছে।” তাঁর দাবি, এই ভিডিয়োটা ২০২৫ সালের ১৯ ডিসেম্বর। ৮ এপ্রিল পোস্ট হয়েছে। কিন্তু কেন এতদিন পরে পোস্ট করা হল, তার অভিসন্ধি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এবার হাইকোর্টে হুমায়ুন আবেদন জানালেন, কারা ষড়যন্ত্র করে এই ভিডিয়ো তৈরি করে বাজারে ছেড়েছে, তা তদন্তে করে দেখার নির্দেশ দিক আদালত। তাঁর হুঁশিয়ারি, “যাঁরা ষড়যন্ত্র করেছেন, প্রত্যেককে আইনের আওতায় এনে বুঝিয়ে দেব, পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের ফলাফল কী হতে পারে।”
