Annapurna Yojana Update: অযোগ্যরাও অন্নপূর্ণার টাকা পাচ্ছেন? এবার আপনি জানাতে পারবেন অভিযোগ, তৈরি হচ্ছে পোর্টাল
Annapurna Yojana Complaint Portal: এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে দেন যে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন আর কারা পাবেন না। প্রথমেই তিনি বলেন যে অন্নপূর্ণা যোজনায় যারা যোগ্য বিবেচিত হয়েছেন, তাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। এবার জানাতে পারবেন অভিযোগ। তৈরি হচ্ছে অভিযোগ পোর্টাল, যেখানে অভিযোগ জানানো যাবে। কীভাবে কাজ করবে এই অভিযোগ পোর্টাল, তাও বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে ভেরিফিকেশনের পর আগামী ১৭ অগস্ট থেকে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা আসবে।
এর পাশাপাশিই মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অভিযোগ পোর্টাল তৈরি করা হচ্ছে। এই পোর্টালে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে। কোনও আবেদনকারী যদি মনে করেন যে ভুলবশত তাঁর আবেদন বাতিল হয়ে গিয়েছে, তাহলে এই পোর্টালে অভিযোগ জানাতে পারবেন।
এছাড়াও অন্নপূর্ণা স্কিম সংক্রান্ত অন্য কোনও অভিযোগ থাকলে, তাও জানানো যাবে এই পোর্টালে। অর্থাৎ যদি কেউ যোগ্য নন, তবু অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, এমন মহিলা উপভোক্তার বিরুদ্ধেও অভিযোগ জানানো যাবে এই পোর্টালে। সরকারকে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সাহায্য করার কথা বলেন মুখ্যমন্ত্রী।
অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ব্লকের বিডিও-দের। তাদের মুখ্য সচিব দায়িত্ব ঠিক করে দেবেন। হিয়ারিং করে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করবেন।
কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না?
এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও একবার জানিয়ে দেন যে অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন আর কারা পাবেন না।
- প্রথমেই তিনি বলেন যে অন্নপূর্ণা যোজনায় যারা যোগ্য বিবেচিত হয়েছেন, তাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- কেন্দ্রীয় বা রাজ্য সরকার, বিধিবদ্ধ সংস্থা বা সরকারি আন্ডার টেকিং, পঞ্চায়েত বা পৌরসভার কর্মী, সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক ও শিক্ষাকর্মীরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।
- যারা আয়কর দেন অর্থাৎ যাদের বছরে আয় ১২ লক্ষ টাকার বেশি, তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।
- যে মহিলা নিজে মাসে ১০ হাজার টাকার বেশি আয় করেন, তাদের বিবেচনার মধ্যে আনা হয়নি।
- যারা তিন হাজার টাকার কম ভাতা পান, যেমন বিধবা ভাতা, তাদেরকে তিন হাজার টাকাই দেওয়া হচ্ছে।
- যারা তিন হাজার টাকার কম ভাতা পান, তাদের অন্নপূর্ণা যোজনার ভাতাই দেওয়া হবে, যেহেতু এটি বেশি।
