Har Ghar Tiranga: হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে বড় পরিকল্পনা বিজেপির, আসতে পারেন শাহ
Amit Shah Har Ghar Tiranga West Bengal: বিজেপি নেতৃত্বের বক্তব্য, অমিত শাহ এই কর্মসূচিতে বাংলায় এলে কর্মীদের মধ্যে একটা বাড়তি উৎসাহ কাজ করবে। তাই, এই কর্মসূচি চলাকালীন অমিত শাহকে একটি সভা করার আবেদন জানাবেন রাজ্য বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বিভিন্ন জেলার কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রীদের হাজির করানোর পরিকল্পনা নিচ্ছে পদ্ম শিবির।

কলকাতা: বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে দল। আর এবার হর ঘর তিরঙ্গা কর্মসূচি জোরকদমে রাজ্যে করতে চান বঙ্গ বিজেপি নেতৃত্ব। পদ্ম শিবির চাইছে, সেই কর্মসূচিতে পশ্চিমবঙ্গে আসুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হর ঘর তিরঙ্গা কর্মসূচির সময় শাহ অন্তত একটি সভা করুন, এই আবেদন জানাবে বঙ্গ বিজেপি। শুধু শাহ নয়, বাংলায় বিজেপি সরকার গঠনের পর এই কর্মসূচিতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকেও আনার পরিকল্পনা করছে পদ্ম শিবির।
এ বছর বাংলায় বিজেপির হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হবে আগামী ৯ অগস্ট। চলবে ১৪ অগস্ট পর্যন্ত। এই কর্মসূচির ইনচার্জ হয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যের সব জেলায় এই কর্মসূচি হবে। ক্ষমতায় এসেছে দল। তাই বিশেষ গুরুত্ব দিয়ে চলতি বছরের এই কর্মসূচি করতে চাইছে পদ্ম শিবির। আর তা সফল করার জন্য প্রত্যেক জেলার নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, এতদিন তাদের নানা কর্মসূচি করতে গিয়ে বাধা পেতে হত পূর্বতন সরকারের কাছে। এবার হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে রাজ্যের প্রত্যেক প্রান্তে পৌঁছে দিতে চান তাঁরা। আর সেখানে অমিত শাহর উপস্থিতি চাইছে পদ্ম শিবির। ছাব্বিশের বিধানসভা ভোটের সময় একটানা ১৫ দিনের বেশি এই রাজ্যে ছিলেন শাহ। বাংলায় ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো তিনিও বিভিন্ন জায়গায় সভা করেন। ভোটের ফল বেরনোর পরও একাধিকবার বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিন দিনের সফরে এখন বাংলাতেই রয়েছেন শাহ।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, অমিত শাহ এই কর্মসূচিতে বাংলায় এলে কর্মীদের মধ্যে একটা বাড়তি উৎসাহ কাজ করবে। তাই, এই কর্মসূচি চলাকালীন অমিত শাহকে একটি সভা করার আবেদন জানাবেন রাজ্য বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বিভিন্ন জেলার কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রীদের হাজির করানোর পরিকল্পনা নিচ্ছে পদ্ম শিবির।
