TMC: রায়ে একেবারে স্পষ্ট করে দিল হাইকোর্ট, এবার মেরুদণ্ডই ভেঙে গেল কালীঘাট তৃণমূলের!
Kalighat TMC Account Freeze: দলের তহবিল থেকে বেআইনিভাবে অর্থ সরানোর অভিযোগে, পুলিশ ও ইডি তৃণমূলের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে। এর মধ্যে তিনটি মূল অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা ছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল।

কলকাতা: হাইকোর্টে জোর ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানি রয়েছে। তৃণমূলের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের রায়ের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিলেন এই মুহূর্তেই ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট নিয়ে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না।
দলের তহবিল থেকে বেআইনিভাবে অর্থ সরানোর অভিযোগে, পুলিশ ও ইডি তৃণমূলের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে। এর মধ্যে তিনটি মূল অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা ছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে প্রায় ৪৪০ কোটি টাকা জমা ছিল, সাময়িকভাবে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আদালত আর্থিক লেনদেনের ওপর নজরদারির জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করেছিল। পরবর্তী সময়ে ইডি-র তল্লাশি অভিযানের পর আরও বেশ কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। কালীঘাট তৃণমূলের বক্তব্য ছিল, বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণের পরও কীভাবে ইডি আরও অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে। এই আবেদন নিয়ে তৃণমূল পরবর্তীতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসের দ্বারস্থ হয়। গত সপ্তাহেই এই মামলার শুনানি শেষ হয়।
সোমবার বিচারপতি রায়ে স্পষ্ট করে দিয়েছেন, আপাতত এই বিষয়ের ওপর কোনওরকম হস্তক্ষেপ করবে না আদালত। ইডি এই মুহূর্তে তদন্ত করছে। তদন্তের স্বার্থে অ্যাকাউন্ট ফ্রিজের ওপর কোনও হস্তক্ষেপ করবে না আদালত।
