Sealdah Station Local Train News: শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত সহ এই লাইনে চলবে অতিরিক্ত লোকাল, সময়সূচী জানুন
Sealdah Station: কালীপুজোর দিন যদি ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে বা কোনও ঘটনা ঘটে, তাহলে কারশেড থেকে নয়া রেক বের করে ওই লোকো পাইলট, গার্ডদের দিয়ে সহজেই কলকাতা বা শিয়ালদহের দিকে মানুষজনকে নিয়ে আসা যাবে। এমনকী, জরুরীকালীন পরিস্থিতিতে কোনও পরিষেবার জন্য কলকাতা থেকে দ্রুত বারাসাত বা নৈহাটিতে এই ক্রুদের মাধ্যমে নিয়ে যাওয়া যাবে।

কলকাতা: কালীপুজোয় (Kali Puja) বারাসত-নৈহাটিতে ভিড় নিয়ে বাড়তি সতর্কতা শিয়ালদহ ডিভিশনে (Sealdah)। জরুরীকালীন পরিস্থিতিতে ট্রেন চালানোর জন্য এই প্রথম এবার তিনটি স্টেশনে স্ট্যান্ডবাই রাখা হচ্ছে লোকো-অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের। মূলত, স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি এবার বাড়তি লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গার্ড সহ ক্রু সদস্যদের রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল।
দুর্গাপুজোর পর আসে কালীপুজো। আর কালীপুজো মানেই ভিড় বাড়ে নৈহাটি-বারাসতের মতো জায়গাগুলিতে। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে এবং চোরবাগানের মর্মান্তিক ঘটনার সময় পরিষেবা নিয়ে যে অভিযোগ উঠেছিল। সেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়েই এই ক্রু-দের স্ট্যান্ডবাই রাখা হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনে।
কেন এই সিদ্ধান্ত?
কালীপুজোর দিন যদি ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে বা কোনও ঘটনা ঘটে, তাহলে কারশেড থেকে নয়া রেক বের করে ওই লোকো পাইলট, গার্ডদের দিয়ে সহজেই কলকাতা বা শিয়ালদহের দিকে মানুষজনকে নিয়ে আসা যাবে। এমনকী, জরুরীকালীন পরিস্থিতিতে কোনও পরিষেবার জন্য কলকাতা থেকে দ্রুত বারাসাত বা নৈহাটিতে এই ক্রুদের মাধ্যমে নিয়ে যাওয়া যাবে।
শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, এবার প্রথম বাড়তি এই ক্রু রাখা হচ্ছে বারাসত, নৈহাটি এবং শিয়ালদহ স্টেশনে। জরুরীকালীন পরিষেবার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এবার কালী পুজোর দিনগুলির কথা মাথায় রেখে রাত্রি কালিন বিশেষ পরিষেবা এবং অন্যান্য সময় বাড়তি ট্রেনের ঘোষণা করেছে শিয়ালদহ ডিভিশন।
কালীপুজো ও দীপাবলিতে রাতেও বাড়ি ফেরার সুবিধা, শিয়ালদহ ডিভিশনে চলবে ৬ জোড়া EMU স্পেশাল
কী কী ট্রেন চলবে?
৮ থেকে ১০ নভেম্বরের মধ্যবর্তী রাতে চালানো হবে ৬ জোড়া অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন।
শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, বারাসত-বনগাঁ, বারাসত-হাসনাবাদ,
শিয়ালদহ-রানাঘাট এবং ব্যারাকপুর-শিয়ালদহ রুটে চলবে বিশেষ ট্রেন।
শিয়ালদহ-ডানকুনি স্পেশাল (03161) ছাড়বে রাত ১১টায়। ডানকুনি পৌঁছবে রাত ১১টা ৪২ মিনিটে।
শিয়ালদহ-বারাসত স্পেশাল (03163) ছাড়বে রাত ১২টা ৫০ মিনিটে। পৌঁছবে রাত ১টা ৩৫ মিনিটে।
বারাসত-বনগাঁ স্পেশাল (03165) ছাড়বে রাত ১টা ৫০ মিনিটে। বনগাঁ পৌঁছবে রাত ৩টেয়।
বারাসত-হাসনাবাদ স্পেশাল (03167) ছাড়বে রাত ১টা ১০ মিনিটে। পৌঁছবে রাত ২টো ৩৬ মিনিটে।
শিয়ালদহ-রানাঘাট স্পেশাল (03169) ছাড়বে রাত ১২টা ৪০ মিনিটে। রানাঘাট পৌঁছবে রাত ২টো ৩০ মিনিটে।
বারাকপুর-শিয়ালদহ স্পেশাল (03171) ছাড়বে রাত ১টা ২৫ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে।
প্রতিটি রুটেই ফিরতি ট্রেনের ব্যবস্থা থাকছে। ফিরতি ট্রেনগুলি হল 03162, 03164, 03166, 03168, 03170 ও 03172।
বিশেষ ট্রেনগুলি পথে প্রতিটি স্টেশনে থামবে।
নৈহাটি জংশনে ৮ থেকে ১৩ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
ওই সময় সংশ্লিষ্ট ট্রেনগুলি পাঁচ ও ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে চলাচল করবে। যাত্রীদের স্টেশনের ঘোষণায় নজর রাখার পরামর্শ।
৮ নভেম্বর রবিবার AC EMU-সহ সমস্ত শহরতলির ট্রেন কর্মদিবসের সময়সূচি অনুযায়ী চলবে।
