Abhishek Banerjee: ‘ওইভাবে ঝুলে যাওয়ার অনুমতি নেই’, এবার আরও বিপাকে অভিষেক
Abhishek Banerjee Kalighat: এর আগে সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার। তৃণমূলের সাংসদের ডিজে মন্তব্য নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের তদন্ত করছে সিআইডি। অভিষেকের কন্ঠস্বরের নমুনা চেয়েছেন তদন্তকারীরা।

কলকাতা: হুমকি থেকে টাকা নয়ছয় সহ একাধিক অভিযোগে জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। সিআইডি দফতরে হাজিরা দেওয়ার পর এবার কন্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশে আইনি লড়াই চলছে। হাইকোর্টেও মেলেনি স্বস্তি। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় দায়ের হল অভিযোগ। ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
সমাজ মাধ্যমে একটি ছবিতে দেখা গিয়েছিল, দু’জন নিরাপত্তাকর্মী একটি গাড়ির ফুট বোর্ডে দাঁড়িয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে যাতায়াত করছেন। সেই ছবির ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি।
অভিযোগ, এ ক্ষেত্রে ‘মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮’ অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে। সেই কারণেই সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার। মোটরযান আইন, ১৯৮৮-র ধারা ১২৩ ও ধারা ১৮৪-তে মামলা করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, নিরাপত্তার অজুহাতে এক্ষেত্রে আইনি ছাড় নেওয়া হয়েছে। ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী, নিরাপত্তা কর্মীদের গাড়ির বাইরে ওইভাবে ঝুলে যাতায়াত করার অনুমতি নেই বলেও দাবি করা হয়েছে।
এর আগে সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার। তৃণমূলের সাংসদের ডিজে মন্তব্য নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের তদন্ত করছে সিআইডি। অভিষেকের কন্ঠস্বরের নমুনা চেয়েছেন তদন্তকারীরা।
