Firhad Hakim: ‘এর আগে কখনও বিধানসভায় এমনটা হয়নি’, শুভেন্দু বলা শেষ করতেই উঠে দাঁড়িয়ে পড়লেন ফিরহাদ, কী হল?
Firhad Hakim praises Suvendu Adhikari: বিধানসভা থেকে মন্ত্রীদের এদিন বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়করা তাঁদের সমস্যা মন্ত্রীদের জানালে ৭ দিনের মধ্যে তাঁদের জবাব দিতেই হবে। কী কাজ হয়েছে, কাজ না হয়ে থাকলে কেন হয়নি, কতদিন হবে, তার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট তথ্য বিধায়ককে জানানোর নির্দেশ দিয়েছেন।

কলকাতা: বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ ফিরহাদ হাকিম। ফিরহাদ বললেন, “নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী।” ঋতব্রত তৃণমূলের সহ সভাপতির আরও সংযোজন, বিধানসভার ইতিহাসে এর আগে এমনটা হয়নি। এর আগে কেবল ১৫ বছর নয়, তার আগেও আমি বিরোধী পক্ষের বিধায়ক ছিলাম, এভাবে বিধায়কদের সম্মান দিয়ে, আমরা কী বলছি, সেটাকে গুরুত্ব দিয়ে বিচার করা- এর আগে বিধানসভায় কখনও হয়নি। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন ইতিহাস তৈরি হবে।”
কিন্তু বিষয়টা ঠিক কী হয়েছে?
এদিন বিধানসভা অভিবেশনের উল্লেখ পর্ব চলছিল। অধিবেশনের এই পর্বে মূলত বিধায়করা তাঁদের এলাকার সমস্যার কথা জানিয়ে থাকেন। এদিন সেই পর্ব শুরু হওয়ার আগেই উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তিনি মন্ত্রীদের উদ্দেশে একটা বড় বার্তা দেন। মুখ্য়মন্ত্রী বলেন, “উল্লেখপর্বে বিধায়করা যে বিষয়গুলো উল্লেখ করেছেন, তার উত্তর আপনাদের দিতে হবে। জানার ৭ দিনের মধ্যেই নিজে সই করে উত্তর দেবেন। যেটা করা সম্ভব করবেন, যেটা করা এখনও সম্ভব নয়, কেন করতে পারছেন না জানাবেন। আর যদি সময় দরকার হয়, সময়ও চেয়ে নেবেন। আমি চাই উল্লেখপর্বে সদস্যদের বলা বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়।” তিনি জানান, সিএমও-র থেকে মনিটারিং করা হবে। মুখ্যমন্ত্রীর দফতর থেকেও কমপ্লায়েন্স রিপোর্ট ৩ মাস অন্তর পাঠানো হবে। যাতে বলার বিষয়গুলো বলাতেই সীমাবদ্ধ না থেকে কার্যকর হয়।
বিধানসভা থেকে মন্ত্রীদের এদিন বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়করা তাঁদের সমস্যা মন্ত্রীদের জানালে ৭ দিনের মধ্যে তাঁদের জবাব দিতেই হবে। কী কাজ হয়েছে, কাজ না হয়ে থাকলে কেন হয়নি, কতদিন হবে, তার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট তথ্য বিধায়ককে জানানোর নির্দেশ দিয়েছেন। বিধায়করা বিধানসভায় যে সব বিষয় উল্লেখ করবেন, তার প্রতিলিপিও সিএমও-র কাছে পাঠানোরও নির্দেশ দিয়েছেন তিনি। প্রতি মাস অন্তর বিষয়গুলো সম্পর্কে রিপোর্ট জানানো হবে বিধায়কদের।
তখনই উঠে দাঁড়ান ফিরহাদ হাকিম। তিনি বলেন, “আমি শাসক ও বিরোধী আগেও থেকেছি। এমন বিষয় দেখিনি আগে।”
