AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim Ritabrata Banerjee meeting: বড় খবর, ঋতব্রতর ঘরে ফিরহাদ হাকিম

Firhad Hakim Meets Ritabrata Banerjee at Assembly: রাজনীতির কারবারিরা বলছেন, একজন বিধায়ক হিসেবে বিধানসভায় আসতেই পারেন ফিরহাদ। কিন্তু, নজর কেড়েছে বিধানসভায় তাঁর ঋতব্রতর ঘরে যাওয়া নিয়ে। এমনকি, সন্দীপন হাত ধরে ফিরহাদকে ঋতব্রতর ঘরে নিয়ে যান। তৃণমূল যাঁদের বহিষ্কার করেছে, তাঁদের সঙ্গে ফিরহাদের এই বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে।

Firhad Hakim Ritabrata Banerjee meeting: বড় খবর, ঋতব্রতর ঘরে ফিরহাদ হাকিম
বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরহাদ হাকিমImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 08, 2026 | 3:50 PM
Share

কলকাতা: এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)? জল্পনা বাড়িয়ে সোমবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে গেলেন ফিরহাদ। তাঁকে বিধানসভার বিরোধী দলনেতার ঘরে নিয়ে যান তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা (Sandipan Saha)। তবে বিধানসভায় ঋতব্রতর ঘরে যাওয়া নিয়ে ফিরহাদ কোনও মন্তব্য করতে চাননি।

বিধানসভায় তৃণমূল বিধায়করা দুই ভাগে ভাগ হওয়ার পর থেকেই ফিরহাদকে নিয়ে নানা জল্পনা চলছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোগী ফিরহাদ। মমতা কংগ্রেসে থাকাকালীন তাঁর সঙ্গে ছিলেন। তারপর তৃণমূলেও শুরু থেকে রয়েছেন। তৃণমূলের আমলে গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন ফিরহাদ। আবার কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব সামলেছেন।

তিনদিন আগে কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ। সেইসময় জানা যায়, মমতার কাছ থেকে অনুমতি নিয়েই মেয়র পদে ইস্তফা দিয়েছেন তিনি। আবার নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা নিয়ে কলকাতা বন্দরের বিধায়ক হিসেবে উপস্থিত থেকেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা যখন বাংলায় বিজেপির জয়কে অস্বীকার করেছেন, সেখানে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে ফিরহাদের হাজির থাকা নিয়ে নানা জল্পনা শুরু হয়।

এবার বিধানসভায় এসে একদম ঋতব্রতর ঘরে পৌঁছে গেলেন ফিরহাদ। ঋতব্রত ও সন্দীপনের নেতৃত্বেই তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা ‘নব তৃণমূল ব্লক’ গঠন করেছেন। বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত। তৃণমূল ঋতব্রত ও সন্দীপনকে বহিষ্কার করেছে। তৃণমূলের দুই বহিষ্কৃত বিধায়কের সঙ্গেই এদিন দেখা গেল ফিরহাদকে। এই নিয়ে ফিরহাদ কিছু না বললেও মহেশতলার বিধায়ক শুভাশিস দাস বলেন, “বিরোধী দলনেতার ঘরে আমরা সবাই ছিলাম। ববি দাও এল। বিরোধী দলনেতার ঘরে বিধায়ক আসা কি অন্যায়ের? আমরা সবাই তো তৃণমূল।”

রাজনীতির কারবারিরা বলছেন, একজন বিধায়ক হিসেবে বিধানসভায় আসতেই পারেন ফিরহাদ। কিন্তু, নজর কেড়েছে বিধানসভায় তাঁর ঋতব্রতর ঘরে যাওয়া নিয়ে। এমনকি, সন্দীপন হাত ধরে ফিরহাদকে ঋতব্রতর ঘরে নিয়ে যান। তৃণমূল যাঁদের বহিষ্কার করেছে, তাঁদের সঙ্গে ফিরহাদের এই বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি এবার মমতার হাত ছেড়ে ঋতব্রতদের সঙ্গে যাবেন ফিরহাদ? সেরকম হলে বিধানসভায় তৃণমূলের কতজন মমতার পক্ষে থাকবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে।

Follow Us