Bengal Election 2026: ট্রাম্প-নেতানিয়াহুও ফেল! বাংলায় যে সব হাইভোল্টেজ লড়াই দেখুন
Election in Bengal: তবে সব কিছুকে ছাপিয়ে এবারের নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভবানীপুর ও নন্দীগ্রাম। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই লড়ছেন। তবে বড় চমক দিয়ে বিজেপি এই দুই কেন্দ্রেই লড়ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

কলকাতা: ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই ভোটবঙ্গে এক ধাক্কায় আরও বেড়ে গিয়েছে রাজনৈতিক উত্তাপ। সবার আগে বামফ্রন্ট প্রার্থী তালিকা সামনে আনলেও দলের পুরো তালিকাই প্রকাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে প্রথম দফার তালিকায় ১৪৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। অন্যদিকে বামফ্রন্ট আবার ১৯২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে।
এবারের নির্বাচনে বেশ কিছু হাইভোল্টেজ কেন্দ্র যেমন লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, তেমনই অনেক ক্ষেত্রে প্রার্থীদের রদবদল এবং নতুন মুখের আবির্ভাবও যে নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ভবানীপুর ও নন্দীগ্রামের মতো কেন্দ্রগুলিতে হেভিওয়েট প্রার্থীদের মুখোমুখি লড়াই এবং কালীগঞ্জের মতো কেন্দ্রে ন্যায়বিচারের লড়াইয়ের দাবিতে বামেদের প্রার্থী বাছাই নির্বাচনকে এক অনন্য মাত্রা দিয়েছে।
গরম বাড়ছে ভবানীপুর-নন্দীগ্রামে
তবে সব কিছুকে ছাপিয়ে এবারের নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভবানীপুর ও নন্দীগ্রাম। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই লড়ছেন। তবে বড় চমক দিয়ে বিজেপি এই দুই কেন্দ্রেই লড়ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। গত নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারানোর পর এবার ভবানীপুরেও সরাসরি মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু। অন্যদিকে নন্দীগ্রামে আবার তৃণমূলের বাজি পবিত্র কর। আগে তিনি আবার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতির পদে ছিলেন। তিনিই এখন খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন নন্দীগ্রামের ভূমিপুত্রকে।
আবেগের সাক্ষী কালীগঞ্জ
অন্যদিকে নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রটি এবার এক ভিন্ন আবেগের লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। গত ২০২৫ সালের কালীগঞ্জ উপনির্বাচনের বিজয়োৎসবে বোমা ফেটে মৃত্যু হয়েছিল ৯ বছরের তামান্নার। সেই ঘটনার বিচারে অবিচল তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে এবার প্রার্থী করেছে সিপিএম। তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূলের বর্তমান বিধায়ক আলিফা আহমেদ। লড়াইয়ে রয়েছেন বিজেপির বাপন ঘোষ।
চমক ছিল শিবপুর বিধানসভা কেন্দ্রেও। যেখানে গতবারের জয়ী হেভিওয়েট প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিকে সরিয়ে এবার টিকিট দেওয়া হয়েছে রানা চট্টোপাধ্যায়কে। মনোজ তিওয়ারির মতো মন্ত্রী তথা হেভিওয়েট নেতার টিকিট না পাওয়া রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিবপুরে তাঁর প্রতিপক্ষ হিসেবে বিজেপি লড়াইয়ে নামিয়েছে তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে। এছাড়াও হুমায়ুন কবীরকে ডেবরা থেকে সরিয়ে তাঁর মুর্শিদাবাদের ডোমকলে প্রার্থী করেছে শাসক দল।
ফের মুখোমুখি সজল-সায়ন্তিকা
অন্যদিকে হেভিওয়েট কেন্দ্রগুলির তালিকায় অবশ্যই চর্চায় থাকছে ব্যারাকপুর। সেখানে তৃণমূলের টিকিটে লড়ছেন রাজ চক্রবর্তী। দমদমে ব্রাত্য বসু। ব্রাত্যর বিরুদ্ধে দমদমে লড়ছেন বামেদের ময়ূখ বিশ্বাস। দমদম উত্তরে আবার বামেদের চমক দীপ্সিতা ধর। বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই বরাহনগরেই আবার আগের উপনির্বাচনে বিজেপি নেতা সজল ঘোষকে হারিয়েছিলেন সায়ন্তিকা। যদিও এবারও বরাহনগরে বিজেপির তুরুপের তাস সেই সজলই।
তৃণমূলের বাজি দেবাংশু থেকে তৃণঙ্কুর
অন্যদিকে চুঁচুড়ায় এবার টিকিট পাননি অসতি মজুমদার। বিগতদিনে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব নিয়ে অস্বস্তি বেড়েছে দলের। এবার আর তিনি টিকিট পাননি। প্রার্থী করা হয়েছে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে। যদিও আগের লোকসভা ভোটে তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হারতে হয়েছিল তাঁকে। তাঁর মতোই টিকিট পেয়েছেন নব প্রজন্মের অনেকেই। নোয়াপাড়া থেকে দাঁড়িয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য।
উত্তরপাড়ায় কার উত্তর মিলবে?
উত্তরপাড়া থেকে টিকিট পেয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। এখানে তাঁর কড়া টক্কর বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। গতবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু-মমতার বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে লড়াই করেছিলেন এই মীনাক্ষী। এবার আবার তাঁর বিরুদ্ধে উত্তরপাড়ায় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর দাঁড়ানো নিয়েও জল্পনা তৈরি হয়েছিল।
একের পর কেন্দ্রে চমক বিজেপির
অন্যদিকে বিজেপি তাদের অভিজ্ঞ নেতাদেরই ময়দানে রেখেছে। নজরে রয়েছে খড়গপুর সদর। পুরনো কেন্দ্রে লড়ছেন দিলীপ ঘোষ। শিলিগুড়িতে মুখোমুখি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ভাটপাড়ায় এবার বিজেপির টিকিটে ময়দানে দেখা যাবে অর্জুন সিংয়ের পুত্র পবন সিংকে। তারকেশ্বরে এবার বিখ্যাত সাংবাদিক সন্তু পানকে প্রার্থী করে বিজেপি বড় চমক দিয়েছে। নজর যাদবপুরেও। এই কেন্দ্রে বর্ষীয়ান নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর ভরসা রেখেছে আলিমুদ্দিন। তাঁর লড়াই তৃণমূল বিধায়ক তথা যাদবপুরের ঘরের ছেলে দেবব্রত মজুমদারের সঙ্গে। এই তিন প্রধান দলের প্রার্থী তালিকা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন শাসকদল যেমন দক্ষ সংগঠন, তারুণ্যের উপর জোর দিয়েছে। বিজেপি তেমন তাদের পুরনো সংগঠনের শক্তি ও অভিজ্ঞতায় শান দিচ্ছে। অন্যদিকে বামেরা মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে আগের ভোটের মতোই সিংহভাগ ক্ষেত্রে বাজি ধরেছে তারুণ্যে। এখন দেখার কে নতুন জমি কিনতে পারে, কেই বা আগের জমি ধরে রাখতে পারে।
