Kolkata Police: কলকাতার ব্যাঙ্কগুলির নিরাপত্তায় বিশেষ জোর! এলাকায় এলাকায় নজরদারি, এল বড় নির্দেশিকা
Kolkata Police Security News: কলকাতা পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময় তো বটেই, দিনের অন্যান্য সময়ও এলাকায় টহলদারি বাড়াতে হবে।

কলকাতা: ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার নিরাপত্তায় বিশেষ জোর কলকাতা পুলিশের (Kolkata Police)। শহরের সব ব্যাঙ্ক (Bank) ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে এবার স্থানীয় থানা (Local Police Station)। এতদিন সেই দায়িত্বে ছিল লালবাজারের (Lalbazar) গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখার উপর। তার বদলে স্থানীয় থানা গুলিকেই নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ (Ajay Kumar Nanda)।
কলকাতা পুলিশের নির্দেশিকা
কলকাতা পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময় তো বটেই, দিনের অন্যান্য সময়ও এলাকায় টহলদারি বাড়াতে হবে। পাশাপাশি, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত সিসিটিভি নজরদারি রয়েছে কি না, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ রয়েছে কি না এবং অ্যালার্ম সিস্টেম ঠিকমতো কাজ করছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখতে হবে স্থানীয় থানাকে।
সন্দেহজনক গতিবিধি নজরে এলে পদক্ষেপ
নির্দেশিকায় আরও বলা হয়েছে, এলাকায় কোনও সন্দেহজনক গাড়ি বা ব্যক্তির গতিবিধি নজরে এলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। ব্যাঙ্ক ডাকাতি বা লুঠের কোনও গোপন তথ্য গোয়েন্দা বিভাগের কাছে এলে তা দ্রুত সংশ্লিষ্ট থানাকে জানানো হবে। এছাড়া, ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির জন্য অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের প্রয়োজন হলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ডেপুটি কমিশনাররা।
